শেখ হাসিনা ফিরবেন, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জানুয়ারির কথামালা’ শিরোনামে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন। এতে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং সেই ঘোষণাকে ঘিরে নানা ব্যাখ্যা তুলে ধরেছেন তিনি।
বিজ্ঞাপন
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘ডিসেম্বরে ফিরলে লক্ষ লক্ষ মানুষ তাঁর জন্য জীবন দিতো। তাদের বাঁচাতেই তিনি আসেননি। স্বজন হারানোর বেদনা তাঁর চেয়ে বেশি আর কে বোঝেন!’
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘ডিসেম্বরে ফিরব’—এটা বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল। এই কৌশলে তিনি জয়ী হয়েছেন। ফেরা না-ফেরার প্রশ্ন এখানে অবান্তর।
এ ছাড়া আসিফ নজরুল প্রশ্ন তোলেন, ‘ডিসেম্বরে ফিরবেন, এটা কি তিনি নিজে বলেছিলেন? নিজের মুখে তো বলেননি!’
পোস্টে তিনি আরও লেখেন, ‘ডিসেম্বর তো আরও আছে! দেখেন না কী হয় পরের ডিসেম্বরে!’
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে তিনি বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। এবার আর কারও জন্য অপেক্ষা করবেন না। আগামী মার্চেই ফিরবেন।’
ফেরার পথে বাধা নিয়ে বিদ্রূপ করে আসিফ নজরুল লেখেন, ‘তিনি ফিরতেন। বিমান ভুলে সিকিম চলে যাওয়ায় ফিরতে পারেননি।’
এ ছাড়া তিনি লেখেন, ‘তিনি ফিরবেন। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে।’
আসিফ নজরুলের এসব মন্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা ব্যঙ্গাত্মকভাবে উঠে এসেছে। তবে পোস্টের বক্তব্যগুলোকে দেশে ফেরার বিষয়ে নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।








