২১৩ প্রকৌশলীর ডিপিডিসি এমডি নিয়োগ স্থগিতের দাবি

বিদ্যুৎ খাতের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়ায় নতুন নীতিমালায় বৈষম্য ও অসঙ্গতির অভিযোগ এনেছেন সংশ্লিষ্ট খাতে কর্মরত প্রকৌশলীরা।
বিজ্ঞাপন
বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি ডিপিডিসি-ডেসকো ইউনিটের পক্ষ থেকে ২১৩ জন অভিজ্ঞ প্রকৌশলীর স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র গত মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর দাখিল করা হয়। আবেদনকারীরা চলমান এমডি নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করে পুরোনো সার্ভিস রুলস অনুযায়ী নিয়োগ নীতিমালা পুনর্গঠনের দাবি জানান।
অভ্যন্তরীণ কর্মকর্তাদের করা হচ্ছে বঞ্চিত
আবেদনকারী প্রকৌশলীদের দাবি, নতুনভাবে নির্ধারিত নিয়োগের যোগ্যতার মানদণ্ডে বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর অভিজ্ঞ প্রকৌশলীরা বঞ্চিত হচ্ছেন, অথচ বিপিডিবি ও বিআরইবি’র কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে বিদ্যুৎ খাতে বিদ্যমান কোম্পানিগুলোর অভ্যন্তরে বৈষম্য ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
তারা বলেন, “অনেকেই দীর্ঘ ৩০/৩২ বছর ধরে এই কোম্পানিগুলোর কার্যক্রম পরিচালনা করে আসছেন। অথচ নতুন নিয়মে তাদের আবেদন করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
আরও পড়ুন: মুজিববর্ষের দুইশ কোটি টাকা কায়কোবাদের পকেটে
পূর্বের সার্ভিস রুলস বাতিল, কারিগরি দক্ষতা উপেক্ষিত
প্রকৌশলীরা উল্লেখ করেন, ২০১৩ ও ২০১৭ সালের সার্ভিস রুলস অনুযায়ী, গ্রেড-৪ (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকলেই এমডি পদের জন্য যোগ্য বিবেচিত হতেন। কিন্তু নতুন নিয়মে যেকোনো গ্রেড-৪ বা তদূর্ধ্ব পদে মাত্র ৩ বছরের পাওয়ার সেক্টর অভিজ্ঞতাকে যথেষ্ট হিসেবে ধরা হয়েছে।
এক জ্যেষ্ঠ প্রকৌশলী বলেন, “এতে এমন কর্মকর্তারাও এমডি হতে পারবেন যাদের ইউটিলিটি পরিচালনায় সরাসরি কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, যা ভবিষ্যতে কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলবে।”
একই সেক্টর ভিন্ন মানদণ্ড
লিখিত আবেদনে বলা হয়, বর্তমানে প্রণীত নতুন নীতিমালায় পাবলিক সেক্টরের প্রার্থীদের জন্য এবং এসওসি কোম্পানির (যেমন: ডিপিডিসি, ডেসকো, পিজিসিবি, ওজোপাডিকো ইত্যাদি) প্রার্থীদের জন্য পৃথক অভিজ্ঞতার শর্ত রাখা হয়েছে।
পাবলিক সেক্টরের জন্য: গ্রেড-৪ বা তদূর্ধ্ব পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা (মোট ২০ বছর চাকরির অভিজ্ঞতার ভেতরে)।
এসওসি কোম্পানির জন্য: প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) বা তদূর্ধ্ব পদে ৩ বছরের অভিজ্ঞতা এ ধরনের ‘দ্বৈত নীতির’ ফলে অভ্যন্তরীণ কর্মকর্তারা যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন করতে পারছেন না।
আরও পড়ুন: ডিপিডিসির এমডি পদের প্রার্থীরা স্বৈরাচারের দোসর
এ বিষয় প্রকৌশল প্রশাসন বিশ্লেষক ইঞ্জিনিয়ার রাশেদুল করিম বলেন, “একই খাতের ভেতরে দুই ধরনের প্রতিষ্ঠান থাকলেও তাদের জন্য ভিন্ন ভিন্ন মানদণ্ড বরাদ্দ করা হলে প্রাতিষ্ঠানিক বৈষম্য তৈরি হবে। এটা শুধুমাত্র জনবলের মধ্যে হতাশাই তৈরি করবে না, বরং দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনকে বাধাগ্রস্ত করবে।”
এ বিষয় শক্তি ও জ্বালানি বিশেষজ্ঞ ড. মাহমুদা হক বলেন, “যেকোনো শীর্ষ পদে নিয়োগে প্রতিষ্ঠানটির প্রেক্ষাপট, কাজের ধরন ও প্রশাসনিক কাঠামো বিবেচনায় নেওয়া জরুরি। যারা সরাসরি কোম্পানির প্রকৌশল ও পরিচালন ব্যবস্থায় যুক্ত, তাদের বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা অগ্রাধিকার পেলে কোম্পানির দিকনির্দেশনা দুর্বল হতে বাধ্য।”








