বিশ্বকাপ স্বপ্নে আবারও ধাক্কা ব্রাজিলিয়ান তারকা নেইমারের

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। এবার মাংসপেশির ক্লান্তির কারণে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মিরাসোলের বিপক্ষে বুধবারের ম্যাচে খেলতে পারছেন না তিনি। এতে ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল দলে ফেরার সম্ভাবনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
নেইমারের ক্লাব সান্তোস এফসি জানিয়েছে, তাকে না খেলানোর সিদ্ধান্ত মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে। তবে সময়টা বেশ অস্বস্তিকর। কারণ ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি রিও ডি জেনেইরো থেকে সাও পাওলোতে গিয়েছিলেন মাঠে বসে নেইমারের পারফরম্যান্স দেখার উদ্দেশ্যে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং জাতীয় দলের টেকনিক্যাল কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ম্যাচে নেইমারের না খেলার সিদ্ধান্ত কোচিং স্টাফের মধ্যে বিস্ময় ও হতাশা তৈরি করেছে। কারণ তারা কাছ থেকে তার বর্তমান পারফরম্যান্স মূল্যায়ন করতে চেয়েছিলেন।
বিজ্ঞাপন
কোচ আনচেলত্তি আগেই জানিয়েছেন, কেবল সম্পূর্ণ ফিট এবং জাতীয় দলের শারীরিক চাহিদা পূরণ করতে সক্ষম খেলোয়াড়দেরই দলে নেওয়া হবে।
মিরাসোলের বিপক্ষে ম্যাচটি মিস করায় ১৬ মার্চ ঘোষিত হতে যাওয়া জাতীয় দলের স্কোয়াডে জায়গা হারানোর ঝুঁকিতেও পড়তে পারেন নেইমার। ওই দল আগামী ২৬ ও ৩১ মার্চ যথাক্রমে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। যদিও একদিন আগেই খবর বের হয়েছিল, এই দুই ম্যাচের প্রাথমিক বিবেচনায় রাখা হয়েছে নেইমারকে।
আরও পড়ুন: দেশে প্রথম নারী বিপিএল, উদ্বোধন বগুড়ায়
বিজ্ঞাপন
নেইমার মাঠে নামতে না পারলেও আনচেলত্তি তার নির্ধারিত সফর বাতিল করছেন না, যাতে করে মনে না হয় তিনি শুধু নেইমারের খেলা দেখতেই সেখানে গিয়েছিলেন। যদিও সফরের প্রধান উদ্দেশ্য ছিল সেটিই।
উল্লেখ্য, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। তবে চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার।








