বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে টাইগাররা। দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হওয়া এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস বক্সে বসে খেলা দেখছেন। মাঠে তার উপস্থিতি দর্শকদের মধ্যেও কৌতূহলের সৃষ্টি করেছে।
বিসিবির প্রেসিডেন্ট বক্সে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন জাইমা রহমান। এদিন টসের আগেই মাঠে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন।
ম্যাচের শুরুতে টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বোলিং করার সিদ্ধান্ত নেন। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচনা করছে দুই দল।
বিজ্ঞাপন
বাংলাদেশ দল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এরপর প্রায় ৯৯ দিনের বিরতি শেষে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা কাটিয়ে এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নতুন উদ্যমে খেলতে নেমেছে তারা।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ আটটি দল। এছাড়া স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি অংশ নেবে। তবে দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটের মধ্যেই থাকে, সেক্ষেত্রে র্যাংকিংয়ের সেরা নয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বর্তমানে বাংলাদেশ ওয়ানডে র্যাংকিংয়ে দশম স্থানে রয়েছে। তাই র্যাংকিংয়ে উন্নতি করতে এই সিরিজ টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে সিরিজের আগে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ভবিষ্যতের বড় টুর্নামেন্টের কথা মাথায় রেখে দলের ক্রিকেটারদের ভালো ব্যাটিং উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে।
বাংলাদেশের মাটিতে পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১৫ সালে। সে সময় তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এছাড়া গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে ২-১ ব্যবধানে সিরিজ হেরে যায় পাকিস্তান।
বিজ্ঞাপন
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও পাকিস্তানের আধিপত্য স্পষ্ট। এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৫টিতে, আর পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে। বাংলাদেশের পাঁচ জয়ের চারটিই এসেছে ২০১৫ সালের সেই ঐতিহাসিক সিরিজে।








