বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম, সরকারি হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ক্লাব ও বিভাগীয় কাউন্সিলররা আগে থেকেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে দুই দফায় জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত অভিযোগ জমা দেন। এসব অভিযোগের ভিত্তিতেই তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. সোলায়মান খানের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ২০২৫ সালের বিসিবি নির্বাচনে অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত ও পর্যালোচনার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান আমিনুল হকের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামানকে। সদস্য হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ২০২৫ সালের বিসিবি নির্বাচনে অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পর্যালোচনা করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হবে। নির্বাচনী প্রক্রিয়া বিধিবিধান অনুযায়ী হয়েছে কি না তাও যাচাই করা হবে।
বিজ্ঞাপন
এছাড়া ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশও দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। কমিটি গঠনের পর ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।








