নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান রাফিনহা

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে ২০২৬ বিশ্বকাপ দলে দেখতে চান বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় রাফিনহা। তার মতে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নেইমার।
বিজ্ঞাপন
সম্প্রতি ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারকে তিনি তখনই দলে নেবেন যখন তার শারীরিক ফিটনেস শতভাগ নিশ্চিত হবে। এই মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারকে দলে ফেরানোর দাবি জোরালো হয়।
ইউরোপে দারুণ ফর্মে থাকা রাফিনহা বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিজের মত দেন। সম্প্রতি একটি ম্যাচে জোড়া গোল করার পর সাক্ষাৎকারে তিনি নেইমার প্রসঙ্গে কথা বলেন।
বিজ্ঞাপন
রাফিনহা বলেন, তিনি আশা করেন নেইমারকে ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে। তার মতে, নেইমার এমন একজন খেলোয়াড় যিনি একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, এমনকি পুরো টুর্নামেন্টের গতিপথও পরিবর্তন করতে পারেন।
তিনি আরও বলেন, একজন ভক্ত হিসেবে তিনি চান নেইমার আবারও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামুক এবং বিশ্বকাপে দলের সঙ্গে খেলুক।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ব্রাজিল জাতীয় দলে নেইমারকে দেখা যায়নি। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুতর ইনজুরির পর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। এরপর ধারাবাহিক চোট সমস্যার কারণে জাতীয় দলে ফিরতে পারেননি।
বিজ্ঞাপন
২০২৫ সালের মে মাসে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরও এখন পর্যন্ত তাকে কোনো দলে ডাকা হয়নি।
ভক্তদের অনেকেই মনে করেন, ফিট থাকলে নেইমার এখনো ব্রাজিল দলে খেলার যোগ্য এবং বিশ্বকাপে তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হতে পারে।








