এক দশকের অপেক্ষা শেষ, রোম্যান্সে ফিরছেন কিং খান

বলিউডের বাদশা শাহরুখ খান। গত এক দশক ধরে ভক্তরা তার সেই চেনা রোম্যান্টিক চরিত্রের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষা শেষ হতে চলেছে। অ্যাকশন হিরোর খোলস ছেড়ে আবারও প্রেমিকের ভূষণে পর্দায় ফিরছেন কিং খান।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’ সিনেমার কাজ শেষ করে তিনি বড়সড় ধামাকা দিতে চলেছেন। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুললেও সেখানকার গল্পে রোম্যান্সের চেয়ে অ্যাকশনের আধিপত্য বেশি ছিল। এবার শাহরুখ তার পরবর্তী মেগাবাজেট প্রজেক্টে সম্পূর্ণ রোম্যান্টিক চিত্রনাট্য বেছে নিয়েছেন।
শাহরুখ ইতিমধ্যেই কয়েকজন লেখক ও পরিচালকের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। একটি বিশেষ চিত্রনাট্য তার মন ছুঁয়ে গেছে। নতুন সিনেমাটি তার ক্যারিয়ারের ব্লকবাস্টার ‘ম্যায় হুঁ না’-র ধাঁচে তৈরি হতে যাচ্ছে। এমনকি এটি সেই ছবির সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিজ্ঞাপন
এ বড় প্রজেক্টের পরিচালনায় অংশ নিতে পারেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ও সফল নির্মাতা ফারহা খান। টানা কয়েক বছর অ্যাকশন সিনেমা করতে গিয়ে বারবার চোট পেয়েছেন শাহরুখ। ‘পাঠান’ থেকে শুরু করে আসন্ন ‘কিং’ পর্যন্ত হাড়ভাঙা খাটুনি ও স্টান্টের কারণে চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
শরীরের ওপর বাড়তি চাপ না দিতেই এবার রোম্যান্টিক ঘরানায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এটি কেবল সাধারণ প্রেমের গল্প নয় বরং পরিণত বয়সের এক বাস্তবধর্মী প্রেমের আখ্যান হতে যাচ্ছে। এই সিনেমার বাজেট হবে আকাশচুম্বী। ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো, এই মেগাবাজেট রোম্যান্টিক ড্রামায় দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে।
বিজ্ঞাপন
চিত্রনাট্যের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে আগামী জুনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। শুটিং শুরু হতে পারে ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে।








