ফিফটি করে ফিরলেন সাইফ হাসান, ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ২১ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে ম্যাচে ফেরান সাইফ হাসান ও লিটন কুমার দাস। তাদের গড়া ৯৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
বিজ্ঞাপন
তবে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি সাইফ। উইল ও’ররকির বলে পুল করতে গিয়ে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। ৭৬ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করেন এই ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৫ রান। লিটন ৩৮ রানে অপরাজিত আছেন, তার সঙ্গে ব্যাট করছেন তাওহীদ হৃদয় (১)।
বিজ্ঞাপন
লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল হতাশাজনক। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত দ্রুত ফিরে গেলে ২১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। তামিম ২ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন, আর পরের বলেই শূন্য রানে বিদায় নেন শান্ত।
এর আগে স্লিপে সহজ ক্যাচ ফেলে সাইফকে জীবন দেন কিউইরা, তখন তার রান ছিল মাত্র ১। সেই সুযোগ কাজে লাগিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।
এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ২৪৭ রানে আটকে রাখে বাংলাদেশ।
বিজ্ঞাপন
টস জিতে ব্যাট করতে নেমে কিউইদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন হেনরি নিকোলস। এছাড়া ডিন ফক্সক্রফট করেন ৫৯ রান এবং উইল ইয়াং যোগ করেন ৩০ রান।
বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।








