Logo

আইসিসির ওয়েবসাইটে ওঠেনি তামিমের নাম!

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ২০:৫৬
আইসিসির ওয়েবসাইটে ওঠেনি তামিমের নাম!
তামিম ইকবাল | ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নেতৃত্বে পরিবর্তন এলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে এখনো সেই তথ্য প্রতিফলিত হয়নি। বিসিবির নতুন সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পরও আইসিসির পরিচালক তালিকায় তার নাম যুক্ত না হওয়ায় এ নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্রিকেটে র‌্যাঙ্কিং, শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত এবং বিভিন্ন প্রশাসনিক তথ্য নিয়মিত হালনাগাদ করলেও, সদস্য দেশগুলোর বোর্ড প্রতিনিধিদের তথ্য আপডেটে আইসিসির ধীরগতি এবার প্রশ্নের মুখে পড়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে।

নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ববর্তী পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপর সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

নতুন কমিটির প্রথম সভাতেই তামিম ইকবালকে বিসিবির আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে আইসিসিতে মনোনীত করা হয়। সেই সিদ্ধান্ত যথাযথভাবে আইসিসিকে জানানোও হয়েছে। তবে এত কিছুর পরও সংস্থাটির ওয়েবসাইটে এখনো পুরোনো তথ্যই প্রদর্শিত হচ্ছে। ফলে অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে—বাংলাদেশের পক্ষে আইসিসিতে বর্তমানে কে প্রতিনিধিত্ব করছেন, তা নিয়ে।

শুধু বাংলাদেশ নয়, ভারতের ক্ষেত্রেও একই ধরনের তথ্যগত অসামঞ্জস্য দেখা যাচ্ছে। ২০২৫ সালের আগস্টের শেষ দিকে বয়সজনিত কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়ান রজার বিনি। কিন্তু তার বিদায়ের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আইসিসির ওয়েবসাইটে এখনো ভারতের প্রতিনিধি হিসেবে তার নামই প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে আইসিসির তথ্য হালনাগাদ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। সদস্য দেশগুলোর প্রশাসনিক পরিবর্তন দ্রুত ওয়েবসাইটে প্রতিফলিত না হলে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি সংস্থাটির তথ্য ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়েও সংশয় তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ক্রিকেট প্রশাসনের শীর্ষ সংস্থা হিসেবে আইসিসির তথ্যভান্ডার সর্বদা নির্ভুল ও হালনাগাদ থাকা জরুরি। বিশেষ করে বোর্ড পর্যায়ের প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিলম্ব অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তির জন্ম দিতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD