নিউজিল্যান্ডের ১৮২ রান, বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তারা করেছে ১৮২ রান। ফলে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে রেকর্ড—কারণ কিউইদের বিপক্ষে এত রান তাড়া করে জয়ের নজির টাইগারদের নেই।
বিজ্ঞাপন
বাংলাদেশ এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে চারটি জয় পেয়েছে। এর মধ্যে একবার আগে ব্যাট করে এবং তিনবার রান তাড়া করে জয় এসেছে। তবে সর্বোচ্চ সফল রান তাড়া ছিল ১৩৫ রান, যা ২০২৩ সালে হয়েছিল।
চট্টগ্রামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড—দ্বিতীয় ওভারেই রানআউটে ফেরেন ওপেনার টিম রবিনসন।
বিজ্ঞাপন
তবে এরপর কেটেন ক্লার্ক ও ড্যান ক্লেভারের জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৮৮ রান। দুজনই সমান ৫১ রান করে আউট হন। ক্লার্ক ৩৭ বলে ৭ চার ও ১ ছয়ে এবং ক্লেভার ২৮ বলে ৭ চার ও ১ ছয়ে এই রান করেন।
এই জুটির পর কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্রুত উইকেট হারিয়ে রানের গতি কমে যায়। প্রথম ১০ ওভারে ১০০ রান করলেও পরের ৫ ওভারে আসে মাত্র ৩০ রান। এই সময়ে বেভন জ্যাকবস ১ রান এবং ড্যান ফক্সক্রফট ৩ রান করে আউট হন।
পরে অধিনায়ক নিক কেলি কিছুটা গতি ফেরানোর চেষ্টা করেন। তিনি ২৭ বলে ৩৯ রান করে আউট হন শরিফুল ইসলামের বলে। শেষ দিকে জশ ক্লার্কসন ১৪ বলে ২৭ এবং নাথান স্মিথ ৪ বলে ২ রান যোগ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আইসিসির ওয়েবসাইটে ওঠেনি তামিমের নাম!
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, যিনি নেন ২টি উইকেট। এছাড়া আরও তিন বোলার একটি করে উইকেট লাভ করেন।








