Logo

ফিরল ‘ফিউচার স্টার’ বল বয় সংস্কৃতি, উচ্ছ্বসিত খুদে ক্রিকেটাররা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৯:৫৪
ফিরল ‘ফিউচার স্টার’ বল বয় সংস্কৃতি, উচ্ছ্বসিত খুদে ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ফিরল দেশের ক্রিকেটে ‘বল বয়’ সংস্কৃতি। তবে এবার তাদের নতুন নাম দেওয়া হয়েছে ‘ফিউচার স্টার’।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশ–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ চলাকালেই মিরপুরে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, আবারও মাঠে বল বয় সংস্কৃতি ফিরিয়ে আনা হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই চট্টগ্রামের ম্যাচে নতুনভাবে এর যাত্রা শুরু হলো।

ম্যাচ শুরুর পর থেকেই সম্প্রচার ক্যামেরায় চোখে পড়ে এই খুদে ক্রিকেটারদের। চট্টগ্রামের অনূর্ধ্ব–১৪ ও অনূর্ধ্ব–১৬ দলের ছেলে–মেয়ে ক্রিকেটাররা বাউন্ডারির বাইরে বিজ্ঞাপন বোর্ডের পাশে বসে ম্যাচ উপভোগ করছিল। চার বা ছক্কা হলে দ্রুত বল কুড়িয়ে ফিল্ডারদের হাতে পৌঁছে দিচ্ছিল তারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটে বল বয় সংস্কৃতি অনেকদিন ধরেই অনুপস্থিত ছিল। দীর্ঘ বিরতির পর বিসিবির উদ্যোগে আবারও মাঠে ফিরল এই আয়োজন।

সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে পোস্ট দেন তামিম ইকবাল। এক বল বয়ের অ্যাক্রেডিটেশন কার্ড শেয়ার করে তিনি লেখেন, বল বয় শব্দটি তার পছন্দ নয়। তাদের ‘ফিউচার স্টার’ হিসেবে দেখতে চান তিনি। ভবিষ্যতের ক্রিকেটারদের অনুপ্রাণিত করাই এই উদ্যোগের লক্ষ্য বলেও উল্লেখ করেন তামিম। নিজের খেলোয়াড়ি জীবনের শুরুতেও এমন ভূমিকা ছিল বলে জানান তিনি।

বিজ্ঞাপন

মাঠে থাকা এই খুদে ক্রিকেটারদের সঙ্গে এসেছিলেন অভিভাবকরাও। সন্তানের এমন সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন তারা। সজীব নামের এক অনূর্ধ্ব–১৪ ক্রিকেটারের বাবা বলেন, বড় তারকাদের কাছাকাছি থেকে খেলা দেখার সুযোগ শিশুদের অনুপ্রাণিত করবে।

অনূর্ধ্ব–১৬ দলের ক্রিকেটার মিঠুন বলেন, আগে শুধু টিভিতে খেলোয়াড়দের দেখত, এখন সরাসরি মাঠে দেখে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।

বিজ্ঞাপন

মাঠে থাকা জাতীয় দলের ক্রিকেটাররাও এই ‘ফিউচার স্টার’দের সঙ্গে সময় কাটান। দ্বাদশ খেলোয়াড় নুরুল হাসান সোহান এবং পেসার তানজিম হাসান সাকিবকে বাউন্ডারি লাইনের পাশে তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। খুদে ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত খাবার ও পানীয়ের ব্যবস্থাও রাখা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD