Logo

বন্ধু নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
৯ মে, ২০২৬, ১৩:০৯
বন্ধু নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি
ছবি: সংগৃহীত

বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব এখনও ধরে রেখেছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। যদিও আন্তর্জাতিক ফুটবলে দুজনই খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে। এবার নেইমারকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন উল্লেখ করে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে তাকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

বিজ্ঞাপন

পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’তে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা সেরা খেলোয়াড়দের পেতে চাই এবং নেইমারের ফর্ম যেমনই হোক না কেন, সে তাদের একজন হয়ে থাকবে। বিশ্বকাপে তাকে দেখতে পাওয়া চমৎকার বিষয় হবে, কারণ ব্রাজিল এবং ফুটবলের জন্য সে অনেক কিছু। আমার আশা সে সেখানে থাকবে, কিন্তু আমরা নিরপেক্ষ হতে পারি না, কারণ তার সবসময়ই সেখানে থাকা উচিত।’

‘আমি (নেইমারকে নিয়ে কথা বলার সময়) নিরপেক্ষ হতে পারি না। নেইমার অবশ্যই ভালো একজন বন্ধু, তাকে বিশ্বকাপে খেলতে দেখতে পছন্দ করব। তার সঙ্গে ভালো কিছুই ঘটুক। কারণ সে মানুষ হিসেবেও চমৎকার, ভালো কিছুই প্রাপ্য সে এবং আমি আশা করি সেখানে (ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে) থাকবে সে’, আরও যোগ করেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।

বিজ্ঞাপন

এই মুহূর্তে মেসি ৩৮ বছর বয়সে দাঁড়িয়ে, খুব অভাবনীয় কিছু না ঘটলে তিনি এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামবেন। অন্যদিকে, তারচেয়ে ৪ বছরের ছোট হলেও বার্সেলোনায় চার মৌসুম এবং পিএসজিতে দুই মৌসুম একসঙ্গে খেলার পর দারুণ উষ্ণ সম্পর্ক গড়ে উঠে মেসি-নেইমারের মধ্যে। দুজনেই ২০২৩ সালে পিএসজি ছেড়ে যান। আর্জেন্টাইন অধিনায়ক এমএলএস ক্লাব ইন্টার মায়ামি এবং সেলেসাও তারকা সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দেন। মেসি আমেরিকান সকারে বিপ্লব তৈরি করলেও, নেইমার ইনজুরিতে জর্জরিত সৌদি অধ্যায়ে ইতি টেনে ফিরেছেন শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে।

সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে প্রশংসা ভাসিয়ে মেসি বলছেন, ‘তার খুবই বিশেষ ক্যারিশমা আছে। সে অত্যন্ত সহজ-সরল এবং প্রাণবন্ত একজন মানুষ। কোনো রকম কৃত্রিমতা ছাড়াই সে জীবন কাটাতে পছন্দ করে এবং কে কী ভাবল, তা নিয়ে সে মাথা ঘামায় না। সে নিজের জীবন উপভোগ করে, সন্তুষ্ট থাকে এবং তার সামগ্রিক বিষয় খুবই প্রাকৃতিক।’

বিজ্ঞাপন

অন্যদিকে নেইমার নিজেও শেষবারের মতো বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় জায়গা পেতে তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ৭৯ গোল করা নেইমার সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবর মাসে। এরপর এসিএল ইনজুরি এবং একাধিক ছোট চোট তাকে দীর্ঘদিন মাঠের বাইরে রেখেছে, যা জাতীয় দলে ফেরা আরও কঠিন করে তুলেছে।

তবে কোচ আনচেলত্তি জানিয়েছেন, নেইমার পুরোপুরি ফিট হয়ে ফিরলে দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন যে, এখনই দলে তার অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব নয়, বিষয়টি সম্পূর্ণভাবে ফিটনেস ও পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD