Logo

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে থাকছেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

profile picture
ক্রীড়া ডেস্ক
৯ মে, ২০২৬, ১৮:৫৯
ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে থাকছেন বাংলাদেশি ডিজে সঞ্জয়
বাংলাদেশি ডিজে সঞ্জয় | ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে এবার থাকছে ভিন্নমাত্রা। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশে পৃথকভাবে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিতব্য এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আর সেই জমকালো মঞ্চে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় দেব।

বিজ্ঞাপন

বাংলাদেশি-আমেরিকান এই ডিজে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে। এতে করে বৈশ্বিক ক্রীড়া ও বিনোদনের অন্যতম বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

আগামী ১২ জুন কানাডার টরন্টোতে গ্রুপ পর্বে স্বাগতিক কানাডার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। ম্যাচ শুরুর আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ডিজে সঞ্জয়। একই মঞ্চে আরও থাকবেন কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে এবং আলেসিয়া কারা।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরেও পারফর্ম করে আলোচনায় আসেন সঞ্জয় দেব। সিলেটে অনুষ্ঠিত এক আয়োজনে তার পরিবেশনা দর্শকদের নজর কাড়ে। এবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ তার ক্যারিয়ারে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা উঠবে ১১ জুন মেক্সিকো সিটিতে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন মেক্সিকোর জনপ্রিয় পপ ব্যান্ড মানা, সংগীতশিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং গায়িকা বেলিন্ডা।

বিজ্ঞাপন

অন্যদিকে ১২ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ম্যাচের আগেও থাকছে বড় আয়োজন। সেখানে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত পপ তারকা ক্যাটি পেরি এবং মার্কিন র‍্যাপার ফিউচার।

তিন দেশে পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের এই ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপকে আরও বর্ণিল করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা। আর সেই আয়োজনের অংশ হয়ে বাংলাদেশি ডিজে সঞ্জয় দেব দেশের সংগীতপ্রেমীদের জন্যও তৈরি করেছেন গর্বের উপলক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD