বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে স্টেডিয়ামে সংসদের স্পিকার

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চলমান টেস্ট ম্যাচ দেখতে রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার উপস্থিতি স্টেডিয়ামে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে।
বিজ্ঞাপন
টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা চলাকালে লাঞ্চ বিরতির পর স্টেডিয়ামে পৌঁছান স্পিকার। মাঠে এসে তিনি কিছু সময় খেলা উপভোগ করেন এবং ক্রিকেটারদের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্রায় এক ঘণ্টা স্টেডিয়ামে অবস্থান করার পর বৃষ্টি শুরু হলে তিনি মাঠ ত্যাগ করেন।
ক্রীড়াঙ্গনের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্পর্ক দীর্ঘদিনের। রাজনীতির পাশাপাশি তিনি একসময় দেশের ফুটবল অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। জাতীয় দলের সাবেক এই ফুটবলার স্বাধীনতার আগের সময় থেকে শুরু করে ১৯৭৭-৭৮ মৌসুম পর্যন্ত ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রধান স্ট্রাইকার হিসেবে খেলেছেন।
বিজ্ঞাপন
ফুটবল ক্যারিয়ারে তার বেশ কিছু স্মরণীয় অর্জনও রয়েছে। ঢাকা লিগে ডাবল হ্যাটট্রিক করার কৃতিত্ব রয়েছে তার, যা এখনও দেশের ফুটবল ইতিহাসে বিশেষভাবে আলোচিত।
ক্রিকেট ম্যাচে স্পিকারের উপস্থিতি ক্রীড়ার প্রতি তার আগ্রহ ও সম্পৃক্ততারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও দেশের ক্রীড়াঙ্গনের খোঁজখবর রাখা এবং মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করাকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।








