Logo

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে ক্রীড়া মন্ত্রণালয়ের কমিটি গঠন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১৭:০৫
বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে ক্রীড়া মন্ত্রণালয়ের কমিটি গঠন
ছবি: সংগৃহীত

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) কে এম অলিউল্লাহকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।

বিজ্ঞাপন

কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা।

কমিটির সদস্য হাবিবুল বাশার বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্বে রয়েছেন। তিনি এর আগে থেকেও বিসিবির বেতনভুক্ত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এ কারণে গুরুত্বপূর্ণ এ তদন্ত কমিটিতে তার অন্তর্ভুক্তি নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন হাবিবুল বাশার। একই সময়ে তাকে এই তদন্ত কার্যক্রমেও অংশ নিতে হবে। এছাড়া ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা নিরসনে গঠিত মন্ত্রণালয়ের আরেকটি কমিটিরও সদস্য তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের জন্য নিরাপদ নয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে বিসিবিও ওই অবস্থানের প্রতি সমর্থন জানায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও তা গৃহীত হয়নি। এ বিষয়ে আইসিসি ও বিসিবি নিজ নিজ অবস্থানে অনড় থাকায় বাংলাদেশ শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD