Logo

পাকিস্তানকে হারিয়ে নতুন রেকর্ড: শান্তর নেতৃত্বে ১৭ টেস্টে ৭ জয়

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১২ মে, ২০২৬, ১৮:০৬
পাকিস্তানকে হারিয়ে নতুন রেকর্ড: শান্তর নেতৃত্বে ১৭ টেস্টে ৭ জয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে নতুন এক অর্জন গড়লেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি এবার নেতৃত্বেও নজর কাড়লেন এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক জয় দিয়ে তিনি সবচেয়ে কম ম্যাচে অধিনায়কত্ব করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সাতটি টেস্ট জয়ের রেকর্ডে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

এর আগে এই রেকর্ড ছিল উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের দখলে। তিনি অধিনায়ক হিসেবে ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৭টি জয় পেয়েছিলেন। তার অধীনে বাংলাদেশ ড্র করেছে ৯টি ম্যাচ, হেরেছে ১৮টিতে।

অন্যদিকে শান্ত মাত্র ১৭টি টেস্টে নেতৃত্ব দিয়েই সমান সাতটি জয় তুলে নিলেন। তার অধীনে বাংলাদেশ ড্র করেছে ১টি ম্যাচ এবং হেরেছে ৯টি।

বিজ্ঞাপন

এই পরিসংখ্যানে দেখা যায়, কম ম্যাচে সমান সাফল্য পাওয়ায় নেতৃত্বে কার্যকারিতার দিক থেকে মুশফিককে ছাড়িয়ে গেছেন শান্ত।

টেস্ট অধিনায়ক হিসেবে বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জয় এসেছে সাকিব আল হাসানের নেতৃত্বে। তিনি ১৯ ম্যাচে চারটি জয় পেয়েছেন। মুমিনুল হক জিতেছেন তিনটি ম্যাচ। এছাড়া হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ—প্রতিজনই একটি করে টেস্টে জয় পেয়েছেন।

জয়ের শতকরা হারের হিসেবে শীর্ষে আছেন মাশরাফি বিন মর্তুজা ও লিটন দাস। দুজনই একমাত্র টেস্ট অধিনায়কত্ব করে জয় পেয়েছেন, ফলে তাদের জয়ের হার শতভাগ। সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শান্ত, যার জয় হার ৪১.১৭ শতাংশ।

বিজ্ঞাপন

অন্যদিকে নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবাল অধিনায়ক হিসেবে টেস্টে কোনো জয়ের মুখ দেখেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD