পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিল নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল টাইগাররা।
বিজ্ঞাপন
২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের হয়ে পেসার নাহিদ রানা আগুনঝরা বোলিং করেন। তাসকিন আহমেদ, তাইজুল ইসলামরাও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে জয় সহজ করে দেন।
ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন তাসকিন। এরপর আজান আওয়াইস (১৫) ও অধিনায়ক শান মাসুদ (২) দ্রুত আউট হলে ৬৮ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা।
বিজ্ঞাপন
চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। ফজল ৬৬ এবং সালমান ২৬ রান করেন। তবে তাইজুল ও তাসকিনের জোড়া আঘাতে আবারও চাপে পড়ে পাকিস্তান।
এরপর নাহিদ রানা পরপর দুই ওভারে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন। দুজনই ১৫ রান করে আউট হন।
বিজ্ঞাপন
এর আগে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। প্রথম ইনিংসে তার ব্যাট থেকেই আসে সেঞ্চুরি।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান করে, জবাবে পাকিস্তান তোলে ৩৮৬। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দাঁড় করায়।
বিজ্ঞাপন
২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পর এবার মিরপুরেও জিতে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিল টাইগাররা।








