দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরছেন জিকো

আগামী ৫ জুন সান মারিনোতে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ওই ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ বুধবার ভিসার আবেদন জমা দিতে গিয়ে অনেক ফুটবলার আঙুলের ছাপ দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
বিজ্ঞাপন
কিছুদিন আগেও জাতীয় দলের সবচেয়ে বড় ভরসার নাম ছিলেন এই গোলরক্ষক জিকো। ২০২৩ সালে বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে তিনি টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কারও অর্জন করেন। তবে পরবর্তীতে শৃঙ্খলাজনিত কিছু ঘটনার পর প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার আস্থা হারান তিনি। এরপর থেকেই জাতীয় দলে তার নিয়মিত সুযোগ পাওয়া অনিয়মিত হয়ে পড়ে।
চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে ভালো পারফরম্যান্স দেখালেও জাতীয় দলের কোচের দৃষ্টিতে তেমনভাবে জায়গা করে নিতে পারেননি জিকো। ক্যাবরেরা দায়িত্ব ছাড়ার পর তার প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হলেও সেটি সহজ হয়নি। পরে সহকারী কোচ হাসান আল মামুন প্রথমে তাকে প্রাথমিক তালিকায় রাখেননি। সান মারিনোর ম্যাচের পাশাপাশি মালদ্বীপে চার জাতির একটি টুর্নামেন্টেও দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেই টুর্নামেন্টের দলে শুরুতে জিকোকে রাখা হলেও তিনি সেখানে খেলতে অনাগ্রহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় সান মারিনো সফরের দলের জন্য তার ভিসা প্রক্রিয়ায় যুক্ত রাখার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
বিজ্ঞাপন
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোমের যথাক্রমে ডেনমার্ক, ইংল্যান্ড ও কানাডার পাসপোর্ট থাকায় তাদের ইউরোপ ভ্রমণে আলাদা ভিসার প্রয়োজন নেই। আজ তপু বর্মণ, রাকিব, বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা সিনিয়র ও জুনিয়র, ফাহিম, মিতুল মারমা, শেখ মোরসালিন, রহমতসহ আরও অনেকে ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) দিয়েছেন। ঘরোয়া লিগে দুর্দান্ত খেলা মোহামেডানের সৌরভ দেওয়ান সিনিয়র জাতীয় দলের তালিকায় নেই। সান মারিনোতে ম্যানেজার হিসেবে থাকছেন আমের খান, গোলরক্ষক কোচ বসুন্ধরা কিংসের নুরুজ্জামান নয়ন। তারাও আজ ভিসার আবেদন প্রক্রিয়ায় ছিলেন।
মালদ্বীপে চারজাতি টুর্নামেন্টে ঢাকা আবাহনীর কোচ মারুফুল হক প্রধান কোচ থাকবেন। মারুফুল হক, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, ক্যাবরেরার সহকারী কোচ হাসান আল মামুন মিলেই মূলত দু’টি দল ঠিক করেছেন। কোন খেলোয়াড় কোন দলে সেই তালিকা এখনও প্রকাশ করেনি ফেডারেশন।
বিজ্ঞাপন
এদিকে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজাদের জন্য নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। সান মারিনো ইউরোপের মধ্যে ইতালির ভেতরে অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র হওয়ায় বাংলাদেশ দলকে ইতালির ট্রানজিট ভিসা নিতে হচ্ছে। ইউরোপ সফরের ভিসা প্রক্রিয়া তুলনামূলক সময়সাপেক্ষ হওয়ায় স্থানীয় কোচদের সহযোগিতায় ফুটবলারদের তালিকা তৈরি করে ধাপে ধাপে ভিসার কাজ এগিয়ে নিচ্ছে ফেডারেশন।








