হাফ ডজন গোলে পানামাকে বিধ্বস্ত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল ব্রাজিলকে। রিও ডি জেনেরিওর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে ৬-২ গোলের বড় জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় দলটি। তবে ম্যাচের ধারার বিপরীতে সমতায় ফেরে পানামা। মাইকেল মুরিলোর নেওয়া একটি ফ্রি-কিক মাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে ব্রাজিলের জালে জড়ালে স্কোরলাইন হয় ১-১।
তবে সমতায় ফেরার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ২-১ ব্যবধানে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে তারা।
বিজ্ঞাপন
বিরতির পর পানামার রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে একসঙ্গে ১০ খেলোয়াড় বদল করেন কোচ কার্লো আনচেলত্তি। এরপরই শুরু হয় গোলের বন্যা। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। পরে লুকাস পাকেতার নেওয়া শট পানামার কর্দোবার গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ে।
ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। এরপর ডিফেন্ডার দানিলো প্রতিপক্ষের বক্সে চমৎকার টার্ন নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলের ষষ্ঠ গোলটি করেন।
পুরো ম্যাচে চাপে থাকা পানামা অবশ্য আরেকটি গোল আদায় করে নেয়। হার্ভের দূরপাল্লার দুর্দান্ত শটে ব্রাজিলের জালে বল জড়ালে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় তারা।
বিজ্ঞাপন
তবে ম্যাচজুড়ে ব্রাজিলের পাসিং, বল নিয়ন্ত্রণ ও কার্যকর ফিনিশিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পানামা। ম্যাচে ব্রাজিল মোট ১৪টি শট নেয় এবং তাদের এক্সপেক্টেড গোলস (xG) ছিল ২.২৬। বিশ্বকাপের আগে পুরো স্কোয়াডকে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করে কৌশলগত প্রস্তুতিও সেরে নিয়েছেন আনচেলত্তি।
পানামার বিপক্ষে ম্যাচ শেষে আগামী ৭ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে পরবর্তী দুই ম্যাচে ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।








