Logo

বিশ্বকাপে আসছে নতুন নিয়ম, বদলে যাচ্ছে ফুটবলের চিত্র

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ জুন, ২০২৬, ১৫:৩৯
বিশ্বকাপে আসছে নতুন নিয়ম, বদলে যাচ্ছে ফুটবলের চিত্র
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে এবার দেখা যেতে পারে বেশ কিছু নতুন ও কঠোর নিয়ম। খেলার গতি বাড়ানো, সময় নষ্ট কমানো, মাঠের শৃঙ্খলা বজায় রাখা এবং খেলোয়াড়-দর্শকদের অভিজ্ঞতা উন্নত করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, আসন্ন টুর্নামেন্টে বেশ কয়েকটি সংশোধিত নিয়ম কার্যকর হবে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ২০২৬-২৭ মৌসুম থেকে এসব পরিবর্তনের অনুমোদন দিয়েছে, আর ২০২৬ বিশ্বকাপই হবে নতুন নিয়মের প্রথম বড় মঞ্চ।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা বলেন, সময়ক্ষেপণ কমানো, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং খেলার মান উন্নয়নের লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড :

ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড় যদি হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলেন, তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। তবে একই দেশের খেলোয়াড়দের মধ্যে স্বাভাবিক আলাপের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। বর্ণবাদী মন্তব্য গোপন রাখার অভিযোগের কিছু ঘটনার পর এই নিয়ম যুক্ত করা হয়েছে।

রেফারির সিদ্ধান্তে মাঠ ছাড়লে কঠোর শাস্তি :

বিজ্ঞাপন

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ত্যাগ করলে তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। একই সঙ্গে দলের কোনো কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উৎসাহিত করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এমন পরিস্থিতিতে ম্যাচ পরিত্যক্ত হলে সংশ্লিষ্ট দলকে পরাজিত ঘোষণা করা হতে পারে।

থ্রো-ইন ও গোলকিকে সময়সীমা :

সময়ক্ষেপণ রোধে থ্রো-ইন ও গোলকিকের ক্ষেত্রে দৃশ্যমান কাউন্টডাউন চালু করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে প্রতিপক্ষ বল পাবে। আর সময়মতো গোলকিক সম্পন্ন না হলে প্রতিপক্ষকে কর্নার কিক দেওয়া হবে।

বিজ্ঞাপন

বদলি খেলোয়াড় নামানোর নতুন নিয়ম :

বদলির সংকেত প্রদর্শনের পর মাঠ ছাড়তে থাকা খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে নিকটবর্তী সাইডলাইন দিয়ে বের হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে না বের হলে বিকল্প খেলোয়াড়কে সঙ্গে সঙ্গে মাঠে নামানো যাবে না। তবে ইনজুরি বা নিরাপত্তাজনিত কারণে ব্যতিক্রম রাখা হয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসা নিলে এক মিনিট বাইরে থাকতে হবে :

মাঠে চিকিৎসা গ্রহণকারী আউটফিল্ড খেলোয়াড়কে খেলা পুনরায় শুরু হওয়ার পর অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষক, গুরুতর আঘাত, মাথায় আঘাত কিংবা পেনাল্টির আগে ইনজুরির মতো ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

ভিএআরের পরিধি আরও বাড়ছে :

বিজ্ঞাপন

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবহার আরও বিস্তৃত করা হচ্ছে। ভুলবশত দ্বিতীয় হলুদ কার্ড, ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো কিংবা কিছু নির্দিষ্ট সেট-পিস পরিস্থিতিতে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। ভুল কর্নার কিকের সিদ্ধান্তও দ্রুত সংশোধনের সুযোগ থাকবে।

প্রতি অর্ধে থাকবে পানি পানের বিরতি :

খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বিবেচনায় প্রতিটি অর্ধে একটি করে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হবে। সাধারণত অর্ধের মাঝামাঝি সময়ে এই বিরতি দেওয়া হবে, যদিও সময় নির্ধারণে রেফারির কিছু স্বাধীনতা থাকবে।

বিজ্ঞাপন

গোলরক্ষকের চিকিৎসাকালে টাইমআউট নয় :

গোলরক্ষক মাঠে চিকিৎসা নিলে সেই সময় উভয় দলের খেলোয়াড়রা কোচের সঙ্গে আলাদা করে ‘টাইমআউট’ বা কৌশলগত বৈঠক করতে পারবেন না।

বিজ্ঞাপন

নতুন এসব নিয়মের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলকে আরও গতিশীল, শৃঙ্খলাপূর্ণ ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্য নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD