ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছে গতকাল দিবাগত রাতে। মাঠের লড়াইয়ে বাংলাদেশ অংশ না নিলেও দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপ নিয়ে উন্মাদনার কোনো কমতি নেই। বরাবরের মতো এবারও ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে বিভক্ত হয়ে পড়েছেন কোটি কোটি সমর্থক।
বিজ্ঞাপন
এই উন্মাদনা টুর্নামেন্টের শেষ পর্যন্ত বজায় থাকুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার মতে, বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা সবচেয়ে বেশি আনন্দ পাবে।
শুক্রবার (১২ জুন) কক্সবাজারে অনুষ্ঠিত বিচ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি ব্রাজিলের হলুদ রঙের হোম জার্সি পরেছিলেন। বিষয়টি উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কিছুটা হতাশার জন্ম দেয়।
বিজ্ঞাপন
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেন, ‘হতাশ হওয়ার কারণ নেই। আমি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক রয়েছে আমরা সবাই চাই যেন ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল খেলে। তাহলে বিশ্বকাপ উপলক্ষ্যে আমাদের যে আমেজ ও উৎসাহ রয়েছে শেষ পর্যন্ত ধরে রাখতে পারব।’
১৯৩০ সাল থেকে বিশ্বকাপ ফুটবলের আসর চলছে। বিশ্বকাপে ব্রাজিল পাঁচ ও আর্জেন্টিনা তিন বার চ্যাম্পিয়ন হলেও কখনো দুই দল ফাইনালে মুখোমুখি হয়নি। বিশ্বকাপের মঞ্চে দুই দলের সর্বশেষ লড়াইও তিন যুগ আগে ১৯৯০ বিশ্বকাপে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দুই দলের ফাইনালে মুখোমুখি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল। আর্জেন্টিনা ফাইনালে উঠলেও স্বাগতিক ব্রাজিল ১-৭ গোলে জার্মানির বিপক্ষে হেরে যায়।
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কোন দল এবং ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে কি না এ নিয়ে চলছে নানা রকম হিসাব-নিকাশ। সাধারণ এক হিসাবে ব্রাজিল ও আর্জেন্টিনার সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ব্রাজিল ও আর্জেন্টিনা উভয়কে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে এবং রাউন্ড অফ ৩২, প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনাল জিততে হবে। ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মধ্যে এক দল গ্রুপ চ্যাম্পিয়ন আরেক দল রানার্স-আপ হলে আবার ভিন্ন সমীকরণ। আবার কেউ যদি গ্রুপে তৃতীয় হয়ে নক আউট পর্বে উঠে তাহলে আবার ভিন্ন সমীকরণ।
বিজ্ঞাপন
ব্রাজিল ‘সি’ গ্রুপে থাকায় বাংলাদেশ সময় আগামীকালই বিশ্বকাপ অভিযানে মাঠে নামবে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মরক্কো।
অন্যদিকে ‘জে’ গ্রুপে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় ১৭ জুন। কানসাসে অনুষ্ঠিত সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে আলজেরিয়া। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা, শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর কাঙ্ক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের স্বপ্ন বাস্তবে রূপ নেয় কি না।
বিজ্ঞাপন








