Logo

পেনাল্টি মিস করে জার্মানির বিদায়ে ক্ষমা চাইলেন হাভার্টজ

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ জুন, ২০২৬, ১১:৪৪
পেনাল্টি মিস করে জার্মানির বিদায়ে ক্ষমা চাইলেন হাভার্টজ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে প্রথম পেনাল্টি মিস করে জার্মানির বিদায়ে ভূমিকা রাখেন ফরোয়ার্ড কাই হাভার্টজ। ম্যাচ শেষে নিজের ভুলের দায় স্বীকার করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আর্সেনালের এই তারকা।

বিজ্ঞাপন

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় হাভার্টজ বলেন, এটি তার দ্বিতীয় বিশ্বকাপ, কিন্তু এবারও দল পরের ধাপে উঠতে পারেনি। এমন ফল তাকে ভীষণ হতাশ করেছে।

তিনি বলেন, ‘এ মুহূর্তে বলার মতো ভাষা নেই। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে এমন হতাশার অভিজ্ঞতা হলো। আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমরা সবাই খুবই হতাশ। এই বিশ্বকাপ ঘিরে আমাদের অনেক পরিকল্পনা ছিল, কিন্তু আবারও প্রত্যাশার আগেই বিদায় নিতে হলো।’

বিজ্ঞাপন

টাইব্রেকারে ব্যর্থ হওয়ার পর সমালোচনার মুখে পড়া হাভার্টজ দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও কথা বলেন। তার মতে, জার্মানি পুরো ম্যাচে যথেষ্ট গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

তিনি বলেন, ‘আমাদের বলের দখল ছিল, দ্বিতীয় গোলও করেছি। কিন্তু ম্যাচটি সহজ ছিল না। টাইব্রেকারে সব সময়ই সম্ভাবনা সমান থাকে। সাধারণত আমরা এই জায়গায় ভালো করি, কিন্তু এবার সেটা সম্ভব হয়নি।’

ভবিষ্যতে আরও ভালো করার জন্য আত্মসমালোচনার ওপর জোর দিয়ে হাভার্টজ বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড়কে নিজের সর্বোচ্চটা দিতে হয়। আমরা ভালো ফুটবল খেলেছি, কিন্তু সব সময়ই মনে হয়েছে কিছু একটা ঘাটতি ছিল। এখন আমাদের নিজেদের পারফরম্যান্স বিশ্লেষণ করতে হবে এবং কোথায় উন্নতি করা যায়, তা খুঁজে বের করতে হবে। আমরা একটি অসাধারণ দেশের প্রতিনিধিত্ব করি।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD