‘ব্রাজিল হারবে’ ভবিষ্যদ্বাণী করা সেই অর্থনীতিবিদকে নিয়ে নেইমারের ব্যঙ্গ

বিশ্বকাপে ব্রাজিল জাপানের কাছে হারবে—এমন পূর্বাভাস দিয়েছিলেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমন্ট। তবে মাঠের ফলাফল তার সেই ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ব্যঙ্গ করেছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র।
বিজ্ঞাপন
২০১৪ বিশ্বকাপ থেকে বিভিন্ন ম্যাচ ও টুর্নামেন্ট নিয়ে পূর্বাভাস দিয়ে আলোচনায় থাকা ক্লেমন্ট চলতি বিশ্বকাপেও ব্রাজিল-জাপান ম্যাচে জাপানের জয় দেখেছিলেন। প্রথমার্ধে জাপান ১-০ গোলে এগিয়ে থাকায় তার পূর্বাভাস সত্যি হওয়ার আভাসও মিলেছিল।
কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৫৬তম মিনিটে সমতায় ফেরার পর যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
ব্রাজিলের এই নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্লেমন্টকে উদ্দেশ করে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন নেইমার। সেখানে তিনি লেখেন, ‘স্যার জোয়াকিম ক্লেমন্ট, আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’
চলতি বছরের ৯ এপ্রিল গাণিতিক মডেলের ভিত্তিতে বিশ্বকাপের সম্ভাব্য ফল নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছিলেন ক্লেমন্ট। সেখানে তিনি দাবি করেছিলেন, ফাইনালে পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডস শিরোপা জিতবে।
তবে তার সেই পূর্বাভাসও বাস্তব হয়নি। কারণ, নকআউট পর্বেই মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস।








