Logo

বিশ্বকাপে আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ জুলাই, ২০২৬, ১১:৩৯
বিশ্বকাপে আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্রথমবার নকআউট পর্বের বাধা পেরোনোর স্বপ্ন দেখেছিল আলজেরিয়া। তবে সেই আশা পূরণ হয়নি। শেষ ৩২-এর ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে উত্তর আফ্রিকার দলটি।

বিজ্ঞাপন

এই জয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব অতিক্রম করে শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে নকআউট পর্বে প্রথম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো আলজেরিয়ার।

ম্যাচের শুরুতে দুই দলই সতর্ক ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণে আধিপত্য বিস্তার করে সুইসরা। ১০ মিনিটে জোহান মানজাম্বির দারুণ একক প্রচেষ্টায় তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে সহজ ফিনিশে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ব্রিল এমবোলো।

বিজ্ঞাপন

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় আলজেরিয়া। রিয়াদ মাহরেজ, হোসেম আওয়ার ও মাজারা কয়েকটি আক্রমণ গড়লেও সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল দুর্দান্ত দৃঢ়তায় সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র ৪৮ সেকেন্ড পরই ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে নিখুঁত প্লেসিং শটে জালে বল জড়ান ড্যান এনডোয়ে।

পিছিয়ে পড়ে একের পর এক পরিবর্তন আনেন আলজেরিয়ার কোচ। আমিন গুইরি, জাওয়েন হাদজাম, আনিস হাজ মুসা ও হিচাম বুদাউইকে নামানো হলেও আক্রমণে কার্যকর কোনো পরিবর্তন আসেনি। মাহরেজের একটি শট রক্ষণভাগে আটকে যায়, আর শেষ দিকে হাজ মুসা ও বুলবিনার চেষ্টাও ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে সুইজারল্যান্ডও আরও একটি গোলের সুযোগ তৈরি করেছিল। তবে ফাবিয়ান রিডার সহজ সুযোগ নষ্ট করায় ২-০ গোলের ব্যবধানেই ম্যাচ শেষ হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD