কাঁদলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, জয় উৎসর্গ করলেন ডিওগো জোটাকে

ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর জয়টি প্রয়াত সতীর্থ ডিওগো জোটাকে উৎসর্গ করেছে পর্তুগাল দল। ম্যাচ শেষে জোটার ২১ নম্বর জার্সি হাতে নিয়ে তাকে স্মরণ করেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে সেই জার্সি গায়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে শ্রদ্ধা জানান তিনি। ল্যাপ অব অনারের সময় আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেও ফেলেন পর্তুগিজ এই মহাতারকা।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, জোটার প্রথম মৃত্যুবার্ষিকীর এই দিনটি তাদের জন্য অত্যন্ত আবেগঘন। তিনি বলেন, ‘আজকের দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা সবাই আবেগাপ্লুত ছিলাম। আমরা বিশ্বাস করি, জোটা এখনও আমাদের সঙ্গেই আছে। তাকে সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায় ছিল এই জয়।’
পর্তুগালের ফরোয়ার্ড গনসালো রামোস বলেন, ‘আমরা প্রতিদিনই জোটাকে স্মরণ করি। তার স্মৃতি আমাদের শক্তি জোগায়। তাই এই জয় এবং প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ধাপে ওঠা আমাদের জন্য আরও বেশি অর্থবহ।’
বিজ্ঞাপন
আরেক ফরোয়ার্ড রাফায়েল লিয়াও বলেন, ‘পুরো ম্যাচজুড়ে আমাদের বিশ্বাস অটুট ছিল। জোটার স্মৃতি আমাদের বাড়তি অনুপ্রেরণা দিয়েছে। আমরা অনুভব করি, সে সবসময় আমাদের সঙ্গেই আছে এবং আমাদের সাহায্য করছে।’
উল্লেখ্য, ২০২৫ সালের ৩ জুলাই নিজের ভাই আন্দ্রেকে সঙ্গে নিয়ে স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকার এ-৫২ মহাসড়কে গাড়ি চালাচ্ছিলেন ডিওগো জোটা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।








