Logo

বিশ্বকাপ থেকে আরও এক কিংবদন্তির বিদায়

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ জুলাই, ২০২৬, ১৩:৫৮
বিশ্বকাপ থেকে আরও এক কিংবদন্তির বিদায়
ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার মধ্য দিয়ে ফুটবল বিশ্বও দেখল এক কিংবদন্তির সম্ভাব্য শেষ বিশ্বকাপ। শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল বাতিল হওয়ায় নাটকীয়ভাবে শেষ হয় লুকা মদ্রিচের বিশ্বকাপ যাত্রা। অন্যদিকে জয়ে শেষ ষোলো নিশ্চিত করে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পেলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে দীর্ঘদিনের সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ মদ্রিচকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন রোনালদো। পরে তিনি বলেন, লুকা ফুটবল ইতিহাসের একজন কিংবদন্তি। বহুবার তাকে এ কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি। মদ্রিচের পুরো ক্যারিয়ারের জন্য শুভকামনাও জানান পর্তুগিজ অধিনায়ক।

৪০ বছর বয়সেও মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মদ্রিচ। ম্যাচে তিনি ৬৬ বার বল স্পর্শ করেন, তিনটি সফল ট্যাকল করেন এবং দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের অর্ধে দুটি বিপজ্জনক ক্রস দেন। তবে জোসকো জিভারদিওলের গোল বাতিল হওয়ার পর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে হতাশায় হাঁটুতে হাত রেখে ঝুঁকে পড়েন এই মিডফিল্ডার।

বিজ্ঞাপন

এটাই মদ্রিচের শেষ বিশ্বকাপ কি না, সে বিষয়ে নিশ্চিত নন ক্রোয়েশিয়ার প্রধান কোচ জ্লাতকো দালিচ। তার ভাষায়, ‘হয়তো’ এটি মদ্রিচের শেষ বিশ্বকাপ ম্যাচ। আগামী চার বছরে কী হবে, সেটি সময়ই বলে দেবে।

দালিচ আরও বলেন, মদ্রিচ আবারও দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। তার বিদায় এভাবে হওয়ায় দুঃখ প্রকাশ করেন ক্রোয়েশিয়ান কোচ।

মদ্রিচের নেতৃত্বেই ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল ক্রোয়েশিয়া। এবারের আসর ছিল তার পঞ্চম বিশ্বকাপ। টুর্নামেন্টে দলের চারটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন তিনি।

বিজ্ঞাপন

২০১৮ সালে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলেই জিতেছিলেন ব্যালন ডি’অর। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপা জিতেছেন। এছাড়া দিনামো জাগরেব, টটেনহ্যাম হটস্পার এবং সর্বশেষ এসি মিলানের হয়েও দীর্ঘ ক্যারিয়ার গড়েছেন এই তারকা মিডফিল্ডার।

প্রতিপক্ষ দলের কোচ রবার্তো মার্তিনেজও মদ্রিচের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এত দীর্ঘ ক্যারিয়ারের পরও মদ্রিচ তরুণদের মতোই খেলার পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। বল পায়ে রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে অসাধারণ দক্ষতা, সেটিই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD