চিলিতে কেপ ভার্দের ভোজিনহা, উষ্ণ অভ্যর্থনা দিলেন সমর্থকরা

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর চিলির ক্লাব কোলো কোলোর সঙ্গে যোগ দিতে দেশটির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছেছেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার এভোরা ডিয়াস, যিনি ভোজিনহা নামে পরিচিত। চিলিতে পা রাখার পর নতুন ক্লাবের সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার রাতে সান্তিয়াগোর আর্তুরো বেনিতেজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে শত শত কোলো কোলোর সমর্থক তাকে স্বাগত জানান। পতাকা, ব্যানার, ঢোল ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।
সেখানে সাংবাদিকদের ভোজিনহা বলেন, চিলিতে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ অপেক্ষার পর তাকে স্বাগত জানানোয় সমর্থকদের ধন্যবাদও জানান তিনি। একই সঙ্গে মনুমেন্টাল স্টেডিয়ামে দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
গত ২৪ জুলাই চিলির অন্যতম সফল ক্লাব কোলো কোলোর পক্ষ থেকে ভোজিনহাকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা এবং ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তার চিলি যাত্রা তিন দফা পিছিয়ে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
চিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে সাধারণত পারিবারিক নাম ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। তবে ভোজিনহার পরিচিত ডাকনামটি জার্সিতে ব্যবহারের সুযোগ দিতে চিলিয়ান ফুটবল ফেডারেশন সর্বসম্মতভাবে নিয়ম পরিবর্তন করেছে। ফলে নিজের জনপ্রিয় ডাকনামেই জার্সিতে দেখা যাবে তাকে।
চিলিতে আসার আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসে খেলেছেন ভোজিনহা। বিশ্বকাপে স্পেনকে গোলশূন্য রুখে দেওয়া এবং উরুগুয়ে ও মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত কিছু সেভ করে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন তিনি।
বিজ্ঞাপন
বিশ্বকাপ শুরুর আগে ইনস্টাগ্রামে ভোজিনহার অনুসারীর সংখ্যা ছিল ৫০ হাজারেরও কম। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেই সংখ্যা বেড়ে ২ কোটি ৯৫ লাখের বেশি হয়েছে।
সোমবার ভোজিনহার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর মঙ্গলবার থেকে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা তার।
কোলো কোলোর লক্ষ্য এখন ঘরোয়া লিগের শিরোপা জিতে আগামী মৌসুমের কোপা লিবার্তাদোরেসে নিজেদের অবস্থান আরও শক্ত করা। নতুন ক্লাবের হয়ে ভোজিনহার পারফরম্যান্স সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।








