Logo

প্রস্তুতি ম্যাচে জিমিদের ৭-১ গোলের বড় জয়

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ২০:২৭
প্রস্তুতি ম্যাচে জিমিদের ৭-১ গোলের বড় জয়
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে অনূর্ধ্ব-২০ হকি দলের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। বিকেএসপিতে এশিয়া কাপের ক্যাম্পে থাকা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে জাতীয় দল জিতেছে ৭-১ গোলের ব্যবধানে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স ও সামনে থাকা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় দলের প্রধান কোচ পিটার গেরহার্ড। অনুশীলনে শেখানো বিষয়গুলো খেলোয়াড়রা ম্যাচে যথাযথভাবে প্রয়োগ করায় তিনি খুশি বলে জানিয়েছেন।

তবে বড় ব্যবধানে জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগতে চান না এই কোচ। খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করে তিনি বলেন, এখনো অনেক জায়গায় উন্নতির সুযোগ রয়েছে এবং দলের সামনে আরও কাজ বাকি।

এর আগে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা পিটার গেরহার্ড বর্তমান দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে আগে থেকেই চেনেন। দলের সামর্থ্য নিয়ে আশাবাদী এই কোচ। তার মতে, জাতীয় দলে প্রতিভাবান খেলোয়াড়ের সংখ্যা অনেক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গেরহার্ড বলেন, খেলোয়াড়দের বড় একটি গুণ হলো—অনুশীলনে যে বিষয়গুলো শেখানো হয়, তারা সেগুলো দ্রুত আয়ত্ত করে ম্যাচে প্রয়োগ করতে পারে। তবে দলের কিছু জায়গায় এখনও ঘাটতি রয়েছে। সেসব দুর্বলতা কাটিয়ে উঠতে আরও নিবিড়ভাবে কাজ করার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন পিটার। তার মতে, প্রস্তুতি ম্যাচে পাওয়া জয় গুরুত্বপূর্ণ হলেও মূল লক্ষ্য হওয়া উচিত দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ।

বিজ্ঞাপন

তিনি বলেন, অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে খেলা এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের মধ্যে বড় পার্থক্য রয়েছে। কোরিয়া অনেক শক্তিশালী ও উচ্চমানের দল। তাই এশিয়ান গেমসে ভালো করতে বাংলাদেশকে কঠোর পরিশ্রম করতে হবে।

তবে প্রস্তুতির বর্তমান পর্যায়ে দল যে অবস্থানে রয়েছে, তাতে সামগ্রিকভাবে সন্তুষ্ট বলেও জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD