বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস

রবার্তো কার্লোস দ্য সিলভা রোচা—ফুটবল বিশ্বের এক কিংবদন্তি নাম। ‘দ্য বুলেট ম্যান’ নামে পরিচিত এই তারকা ডিফেন্ডার রক্ষণভাগ থেকে আক্রমণ গড়ে তোলার ধরণকে নতুন মাত্রা দিয়েছিলেন। ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত কার্লোসের অসংখ্য ভক্ত রয়েছে বাংলাদেশেও। লাল-সবুজের এই দেশের প্রতি নিজের ভালোবাসার কথাও বিভিন্ন সময় প্রকাশ করেছেন তিনি। এবার নেইমারের বন্ধু ও ব্রাজিলপ্রবাসী রবিন মিয়ার প্রকাশ করা এক ভিডিও বার্তায় বাংলাদেশকে নিজের বাড়ি বলে উল্লেখ করেছেন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি।
বিজ্ঞাপন
বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য রবার্তো কার্লোস দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে দেশের পাশাপাশি স্পেনেও কাটিয়েছেন অনেকটা সময়। বিশেষ করে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি এক দশকেরও বেশি সময় খেলেছেন। তাই নিজের পছন্দের দেশগুলোর তালিকায় ব্রাজিলের পরই স্পেনের নাম উল্লেখ করেন তিনি। এরপরই বাংলাদেশকে নিজের বাড়ি হিসেবে আখ্যায়িত করেন। পর্তুগিজ ভাষায় বলার পর ইংরেজিতে বলেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ’।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশে ব্রাজিলের সমর্থকদের সংখ্যা দীর্ঘদিন ধরেই অনেক বেশি। দেশের ফুটবলপ্রেমীদের একটি বড় অংশ কয়েক দশক ধরে ব্রাজিলকে সমর্থন করে আসছেন। বিশেষ করে ২০২২ সালের কাতার বিশ্বকাপে বাংলাদেশজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
বিজ্ঞাপন
উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের ফুটবলার ব্রুনো গুইমারেস নিজেও ব্রাজিলের পর বাংলাদেশের সমর্থন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। সেখানে করা এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নে আরও বলেছিলেন, ‘বাংলাদেশে আমাদেরকে সমর্থনের ভিডিও আমরা ফুটবলাররা নিজেদের মধ্যে দেখি।’ এবারের বিশ্বকাপের শেষ ষোলো থেকেই ছিটকে গেছে ব্রাজিল। নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বাজে সেলেসাওদের। এরপর থেকেই নতুন করে ব্রাজিলকে সাজানোর পরিকল্পনা করছেন দেশটির অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। কতটা এগুতে পারবেন সেটাই এখন ভক্ত-অনুরাগীদের দেখার অপেক্ষা।








