প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পেল মালাউই

নারী আফ্রিকা কাপ অব নেশনসে দুর্দান্ত পথচলা অব্যাহত রেখে ইতিহাস গড়েছে মালাউই। রবিবার কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মালাউই। সপ্তম মিনিটে জন্মসূত্রে ইংলিশ স্ট্রাইকার শান্তেলে বোয়ে-গ্লোরকাহর গোলে এগিয়ে যায় ঘানা। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ১২তম মিনিটে তেম্বা চাভিঙ্গার গোলে সমতায় ফেরে মালাউই।
দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য লড়াই চালিয়ে যায় দুই দল। শেষ পর্যন্ত ৭৯তম মিনিটে রোজ কাদজেরে গোল করে মালাউইকে এগিয়ে দেন। এরপর আর ঘানা সমতায় ফিরতে না পারায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মালাউই।
এই জয়ের ফলে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ৩২ দলের বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি খেলার সুযোগ পাওয়া চার দলের একটি হলো মালাউই। তাদের সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া, ক্যামেরুন ও মরক্কো। নারী আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে জয় পাওয়া চার দলই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আগামী বুধবার প্রথম সেমিফাইনালে আলজেরিয়ার মুখোমুখি হবে মালাউই। একই দিনে অপর সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন। কোয়ার্টার ফাইনালে ক্যাসাব্লাঙ্কায় বর্তমান চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ক্যামেরুন।
এদিকে আগের নয়টি বিশ্বকাপের প্রতিটিতেই অংশ নেওয়া নাইজেরিয়াকে এবার বিশ্বকাপে যেতে বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে। আফ্রিকা অঞ্চল থেকে আরও দুটি দলের বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
১০ বারের আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন নাইজেরিয়া বিদায় নেওয়ায় এবার নারী আফকনে নতুন চ্যাম্পিয়ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নাইজেরিয়া ছাড়া এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছে কেবল ইকুয়েটোরিয়াল গিনি ও দক্ষিণ আফ্রিকা।








