এসএসসিতে জিপিএ-৫ পেয়েও যে কারণে মন খারাপ নীড়ের

হাঙ্গেরি থেকে সোমবার সকালে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। দেশে ফিরেই পেয়েছেন সুখবর—এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি। তবে দারুণ ফলের পরও পুরোপুরি আনন্দিত হতে পারছেন না এই তরুণ দাবাড়ু।
বিজ্ঞাপন
বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু হিসেবে ইতোমধ্যে নিজের জায়গা তৈরি করেছেন নীড়। অল্প বয়সেই জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক মাস্টার হওয়ার কৃতিত্বও রয়েছে তার। এখন তার লক্ষ্য গ্র্যান্ডমাস্টার (জিএম) হওয়ার মর্যাদা অর্জন।
দাবার বোর্ডে ব্যস্ততার মধ্যেও পড়াশোনায় মনোযোগ ধরে রেখে এসএসসিতে অসাধারণ ফল করেছেন নীড়। ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
হাঙ্গেরি থেকে দেশে ফেরার পর ফলাফল জানার অনুভূতি জানিয়ে নীড় বলেন, জিপিএ-৫ পেয়ে ভালো লাগছে। তবে গ্র্যান্ডমাস্টার নর্ম নিয়ে দেশে ফিরতে পারলে আনন্দটা আরও বেশি হতো।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সারা বছর বিভিন্ন প্রতিযোগিতায় ব্যস্ত থাকার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে নীড় জানান, পরীক্ষার আগে মূলত এক মাস পড়াশোনায় বেশি সময় দিয়েছেন তিনি। তার মতে, দাবার মতো পড়াশোনাতেও ভালো ফল করার জন্য নির্দিষ্ট কৌশল প্রয়োজন।
সম্প্রতি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের লক্ষ্যেই হাঙ্গেরিতে গিয়েছিলেন নীড়। সেখানে কয়েকজন গ্র্যান্ডমাস্টারকে আটকে দিয়ে নর্ম পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে যান তিনি। শেষ রাউন্ডে জয় পেলেই জিএম নর্ম নিশ্চিত হতো। কিন্তু মানসিক চাপের কারণে শেষ ম্যাচে হেরে যাওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়।
বিজ্ঞাপন
এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার আনন্দের মধ্যেও তাই গ্র্যান্ডমাস্টার নর্ম না পাওয়ার আক্ষেপটা থেকেই গেছে তরুণ এই দাবাড়ুর মনে।








