ধবলধোলাইয়ের পর ভারতের কোচ-নির্বাচককে তলব

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারকে তলব করেছে বিসিসিআই। একই সঙ্গে সেন্টার অব এক্সিলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকেও ডাকা হয়েছে। সিরিজগুলোর ব্যর্থতা পর্যালোচনার পাশাপাশি ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
বিজ্ঞাপন
গত জুন-জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে গিয়ে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে পরাজিত হয় দলটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পর্যালোচনা সভায় উঠে আসা বিষয়গুলো বেশ হতাশাজনক। আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারার ফলে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারতের টানা ১৬ সিরিজ অপরাজিত থাকার প্রায় তিন বছরের রেকর্ডও শেষ হয়। ইংল্যান্ডের বিপক্ষে পরিস্থিতি আরও খারাপ হয়। বিশেষ করে নটিংহ্যামে ১২৫ রানের বড় ব্যবধানে হারটি ছিল সিরিজের অন্যতম হতাশাজনক ঘটনা।
অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কিছুটা ঘুরে দাঁড়ায় ভারত। বার্মিংহামে প্রথম ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় তারা।
বিজ্ঞাপন
চলতি বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। পাশাপাশি ২০২৭ সালের বিশ্বকাপ সামনে রেখে দলের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়েও বোর্ডের বৈঠকে আলোচনা হতে পারে। বিশেষ গুরুত্ব পেতে পারে খেলোয়াড়দের চোট ও ইনজুরি ব্যবস্থাপনার বিষয়টি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গুরুত্বপূর্ণ সফরের আগে একাধিক খেলোয়াড় চোটের কারণে ছিটকে পড়ায় বিসিসিআই ও সেন্টার অব এক্সিলেন্সের কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। দলের অনেক খেলোয়াড়ের সিওইয়ের ওপর আস্থার ঘাটতি রয়েছে বলেও আলোচনা চলছে। ক্রিকেটার, সিওই ও নির্বাচক কমিটির মধ্যে যোগাযোগের দুর্বলতাও সামনে এসেছে।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিও তৈরি হয়েছে, যখন দলের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহ কোনো সফরের জন্য পুরোপুরি ফিট নন—এ তথ্য নির্বাচক কমিটিকে যথাসময়ে জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
চোটের কারণে ওয়াশিংটন সুন্দরও দলের বাইরে ছিলেন। অন্যদিকে সাই সুদর্শনের সুস্থ হয়ে ফিরতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লেগেছে। বৈঠকে আইপিএলের কাজের চাপ খেলোয়াড়দের ফিটনেসে কতটা প্রভাব ফেলছে, সেটিও পর্যালোচনা করা হবে। পূর্ণ শক্তির দল না পাওয়ার বিষয়টি নিয়ে টিম ম্যানেজমেন্ট আগেও বিসিসিআইয়ের কাছে উদ্বেগ জানিয়েছিল।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার ক্ষেত্রেও চার ক্রিকেটারের অংশগ্রহণ ফিটনেসের ওপর নির্ভরশীল থাকায় বিষয়টি নিশ্চিত করা যায়নি। বুমরাহ, ওয়াশিংটন, নীতিশ রেড্ডি ও হারশিত রানার ৯ সেপ্টেম্বর ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
নিউজিল্যান্ড সফর ও ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে দ্রুতগতির বোলারদের কীভাবে চোটমুক্ত ও ফিট রাখা যায় এবং ভবিষ্যতে ইনজুরির হার কমাতে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েও আলোচনা করবে বোর্ড।
এ ছাড়া হার্দিক পান্ডিয়ার ফিটনেস ও পুনর্বাসন প্রক্রিয়াও বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্য হতে পারে। নির্বাচক কমিটি চায়, ২০২৭ বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠুন। তবে বর্তমানে ওয়ানডেতে তিনি ৫-৬ ওভারের বেশি বল করতে পারছেন না।








