এমবাপে-হালান্ডকে টপকে নতুন ইতিহাস ইয়ামালের

মৌসুমের প্রথম দুই ম্যাচে লামিন ইয়ামালের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কিছুটা হতাশ ছিলেন ভক্ত-সমর্থকেরা। তবে স্প্যানিশ এই ফরোয়ার্ডের ওপর আস্থা হারাননি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। রায়ো ভায়েকানোর বিপক্ষে জোড়া গোল করে কোচের সেই আস্থারই প্রতিদান দিয়েছেন ইয়ামাল।
বিজ্ঞাপন
প্রথম দুই ম্যাচে বার্সেলোনা সাত গোল করলেও গোলের দেখা পাননি ইয়ামাল। তবে গতকাল সোমবার ন্যু ক্যাম্পে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে সেই অপেক্ষার অবসান ঘটান তিনি। ম্যাচের শুরুতে রায়ো ভায়েকানো এগিয়ে যাওয়ার পর রাফিনিয়া গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান। এরপর স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা গোল করে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
২১তম মিনিটে সেই গোল করে ইয়ামাল ঢুকে গেছেন রেকর্ডবুকে, যে রেকর্ড গড়ে কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডকে পেছনে ফেলেছেন তিনি। বার্সেলোনার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট জানিয়েছে সেই রেকর্ডের কথা, ‘ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লামিন ইয়ামাল ৫০ গোলের মাইলফলকে পৌঁছে গেছেন, আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপেকে টপকে গেছেন তিনি।’
বিজ্ঞাপন
রায়ো ভায়েকানোর বিপক্ষে শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় নিজেদের প্রথম তিন ম্যাচে ১২ গোল করে দুর্দান্ত ছন্দের জানান দিয়েছে কাতালান জায়ান্টরা। দলের আক্রমণভাগের এমন দাপুটে পারফরম্যান্সে এখন পর্যন্ত রবার্ট লেভানডোভস্কির অভাব খুব একটা অনুভব করতে হয়নি বার্সেলোনাকে।








