চার বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বার্সেলোনা। ৩০ বছর বয়সী এই তারকার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চার বছরের চুক্তি করেছে কাতালান ক্লাবটি।
বিজ্ঞাপন
স্বাস্থ্য পরীক্ষা ও দলবদলের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মঙ্গলবার রদ্রিকে দলে নেওয়ার ঘোষণা দেয় বার্সেলোনা। ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ সময় কাটানোর পর এবার নতুন ক্লাবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
বার্সেলোনায় জাতীয় দলের সতীর্থ লামিনে ইয়ামাল, দানি ওলমো, পাউ কুবারসি, গাভি ও পেদ্রির সঙ্গে ক্লাব ফুটবলেও খেলবেন রদ্রি। তার যোগদানে বার্সেলোনার মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার খরচ হয়েছে প্রায় ৭ কোটি ৬৫ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ হাজার ৮০ কোটি টাকা। তবে দলবদলের আর্থিক বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কোনো পক্ষ।
ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রির চুক্তির মেয়াদ আরও এক বছর থাকলেও সোমবার বার্সেলোনায় পৌঁছে নতুন ক্লাবে যোগ দেওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বার্সেলোনার হয়ে খেলা তার দীর্ঘদিনের স্বপ্ন বলেও জানান এই স্প্যানিশ তারকা।
রদ্রি বলেন, বার্সেলোনায় আসতে পেরে তিনি খুবই আনন্দিত। নতুন সতীর্থদের সঙ্গে মাঠে নামার জন্য তিনি রোমাঞ্চিত এবং এখন কাজ শুরু করে নিজের সেরাটা দেওয়াই তার লক্ষ্য।
বিজ্ঞাপন
রদ্রিকে দলে নেওয়ার দৌড়ে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার বার্সেলোনাকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিলেন।








