ফিফা সভাপতি ইনফান্তিনোর ওপর সমর্থন প্রত্যাহার করল ইসরায়েল

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে ইসরায়েল। আগামী নির্বাচনে ইনফান্তিনোকে পুনরায় ফিফা সভাপতি হিসেবে সমর্থনের যে সিদ্ধান্ত ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) আগে জানিয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোশে জুয়ারেস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে সমর্থন প্রত্যাহারের বিষয়টি জানান। ইসরায়েল ১৯৯৪ সাল থেকে উয়েফার সদস্য। জুয়ারেস উয়েফার নির্বাহী কমিটিরও সদস্য।
ইনফান্তিনোর জন্য এই সিদ্ধান্তকে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ফিফা ও ইসরায়েল-ফিলিস্তিনের ফুটবল সম্পর্ক নিয়ে তার সাম্প্রতিক উদ্যোগের প্রেক্ষাপটে ইসরায়েলের অবস্থান পরিবর্তন তাৎপর্যপূর্ণ।
গত এপ্রিলে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিদের সঙ্গে ছবি তোলার উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। তবে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি জিবরিল রাজুব ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাসিম শেখ সুলেমানের পাশে দাঁড়াতে রাজি হননি। ফলে সেই উদ্যোগ সফল হয়নি।
বিজ্ঞাপন
তবে এরপরও ইনফান্তিনো দুই পক্ষকে ফুটবলের মাধ্যমে কাছাকাছি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নতুন অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইসরায়েল ও ফিলিস্তিনকে মুখোমুখি করার পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলির কারণে ফিফা ও উয়েফার বৈশ্বিক ফুটবল পরিচালনার দৃষ্টিভঙ্গি নিয়ে নজিরবিহীন আস্থার সংকট তৈরি হয়েছে। দুই সংস্থার সঙ্গে তাদের মতপার্থক্য গভীর, মৌলিক ও নীতিগত বলেও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
জুয়ারেস জানান, আইএফএর বোর্ড সভায় সর্বসম্মত সিদ্ধান্তের পর ইনফান্তিনোর প্রতি আগের সমর্থনের চিঠি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এর আগে উয়েফার সদস্য ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও রিপাবলিক অব আয়ারল্যান্ডও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। ফলে পুনর্নির্বাচনের দৌড়ে তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে ইনফান্তিনোর প্রতি সমর্থন অব্যাহত রেখেছে বেশ কয়েকটি প্রভাবশালী ফুটবল সংস্থা ও দেশ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) তার পক্ষে অবস্থান জানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইনফান্তিনোকে সরানোর চেষ্টা নিয়ে সতর্ক করে বলেছেন, এমন চিন্তাও করা গুরুতর ভুল হবে।








