আবারও গাম্পার শিরোপা জিতলো বার্সেলোনা

মিশরের ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়ে ৬১তম ফেস্তা দেল গাম্পার এস্ত্রেয়া ড্যাম শিরোপা জিতেছে বার্সেলোনা। ম্যাচে কাতালানদের হয়ে গোল করেছেন হামজা আবদেলকারিম ও রাফিনহা। আল আহলির হয়ে একটি গোল শোধ করেন জিজো।
বিজ্ঞাপন
ম্যাচ শুরুর আগে ৫৪ হাজার ২২৪ দর্শকের সামনে ২০২৬/২৭ মৌসুমের বার্সেলোনা দলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিক-অফের আগে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন কোচ হান্সি ফ্লিক ও অধিনায়ক রাফিনহা। নতুন খেলোয়াড়দেরও উষ্ণ অভ্যর্থনা জানান সমর্থকরা। এর মধ্যে সবচেয়ে বেশি করতালি পান নতুন যোগ দেওয়া রদ্রি। চার বছর পর ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হলো গাম্পার ট্রফির ম্যাচ।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। আল আহলিকে নিজেদের অর্ধে চাপের মধ্যে রাখে তারা। ২৯ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। রাফিনহার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বাঁ প্রান্ত দিয়ে বাইলাইনে পৌঁছে যান বালদে। সেখান থেকে মাঝখানে থাকা আবদেলকারিমের দিকে বল বাড়িয়ে দেন তিনি। প্রথম স্পর্শেই বল জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড। প্রাক-মৌসুমে এটি তার চতুর্থ গোল এবং ক্যাম্প ন্যুতে প্রথম। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করায় অবশ্য উদযাপন করেননি তিনি।
এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করে বার্সেলোনা। জাভি এসপারের একটি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন আল আহলির এক খেলোয়াড়। তবে বিরতির ঠিক আগে দ্বিতীয় গোল পেয়ে যায় বার্সা। বক্সের ভেতর আলগা বল পেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে পেনাল্টি আদায় করেন রাফিনহা। পরে স্পট কিক থেকে নিজেই গোল করে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিরতির পর ৫১ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আল আহলি। বলের দারুণ নিয়ন্ত্রণের পর গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে পরাস্ত করে ব্যবধান ২-১ করেন জিজো।
শেষদিকে আরও একটি গোলের সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ৮৯ মিনিটে গর্ডন পেনাল্টি আদায় করলেও স্পট কিক থেকে গোল করতে পারেননি। তার নেওয়া শট ঠেকিয়ে দেন আল আহলির গোলরক্ষক এল শেনাওয়ি।
বিজ্ঞাপন
শেষ বাঁশি পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে গাম্পার ট্রফি নিজেদের করে নেয় বার্সেলোনা। এর মাধ্যমে ক্যাম্প ন্যুতে আরও একবার এই ঐতিহ্যবাহী শিরোপা জয়ের স্বাদ পেল কাতালান ক্লাবটি।
এই ম্যাচের মধ্য দিয়ে বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতিও শেষ হলো। আগামী রোববার এলচের মাঠে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের দল।








