অস্ট্রেলিয়া-ভারত সফরে শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের

সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে সেলেসাওরা। সেই যাত্রায় অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ সামনে রেখে শক্তিশালী ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
বিজ্ঞাপন
মঙ্গলবার রাতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ঘোষিত দলে জায়গা পেয়েছেন রাফায়েল রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা। চোটের কারণে বিশ্বকাপ মিস করা এস্তেভাও ও ওয়েসলিকেও ফিরিয়ে আনা হয়েছে। তবে গোলরক্ষকদের তালিকায় নেই কোনো অভিজ্ঞ তারকা।
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।
বিজ্ঞাপন
ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো।
ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে ব্রাজিল ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে আনচেলত্তি জানিয়েছিলেন, আসন্ন ম্যাচগুলো বিভিন্ন খেলোয়াড়কে যাচাই করার গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি বলেন, ‘এই তিনটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আমরা জাতীয় দলকে আসন্ন লক্ষ্যের (২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ) দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি নতুন অধ্যায় শুরু করব। জাতীয় দলে নতুন খেলোয়াড়দের, বিশেষ করে তরুণদের সুযোগ করে দিতে আমরা তিনটি প্রীতি ম্যাচকে কাজে লাগাব, যাতে তারা আগামী দিনগুলোতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।’
অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ দিয়ে সফর শুরু করবে ব্রাজিল। কুইন্সল্যান্ড কাউন্টি ব্যাংক স্টেডিয়াম ও ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে তারা।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিল সর্বশেষ খেলেছিল ২০১৭ সালের জুনে মেলবোর্নে। সেই ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছিল সেলেসাওরা।
ভারতের বিপক্ষে অবশ্য এই প্রথমবার মাঠে নামতে যাচ্ছে ব্রাজিলের জাতীয় দল। ফুটবলপ্রেমী দেশটিতে ব্রাজিলের বিপুল জনপ্রিয়তার কারণে ম্যাচটি ঘিরে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
কলকাতার সঙ্গে ব্রাজিলের ফুটবল ইতিহাস অবশ্য আরও পুরোনো। ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে কিংবদন্তি পেলে কলকাতার ইডেন গার্ডেনসে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন। এবার সেই শহরেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো জাতীয় দলের ম্যাচ খেলবে ব্রাজিল।








