হাঁটুর চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

দারুণ ছন্দে থাকা বার্সেলোনায় হঠাৎই এসেছে চোটের দুঃসংবাদ। রেসিং সান্তান্দারের বিপক্ষে বড় জয়ের ম্যাচে হাঁটুতে চোট পাওয়া গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
বিজ্ঞাপন
বুধবার রেসিংয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ডান হাঁটুতে সমস্যা অনুভব করেন গার্সিয়া। বিরতির পর তাকে আর মাঠে ফেরাননি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার বদলে গোলবারের নিচে দায়িত্ব নেন অভিজ্ঞ গোলরক্ষক উয়োইচেখ চেচনি। ম্যাচটি ৭-২ গোলে জিতে নেয় বার্সেলোনা।
ম্যাচ শেষে গার্সিয়ার হাঁটুতে পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে বার্সেলোনা জানিয়েছিল, তার হাঁটুতে সামান্য অস্বস্তি রয়েছে। পরবর্তী পরীক্ষায় অবশ্য ডান হাঁটুর মেনিস্কাসে চোট ধরা পড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে গার্সিয়াকে। ফলে শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে তাকে পাওয়া যাবে না। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে স্পেনের ম্যাচগুলোতেও তার খেলার সম্ভাবনা নেই।
তবে বার্সেলোনার জন্য স্বস্তির বিষয়, এবারের চোটটি গার্সিয়ার আগের অস্ত্রোপচার করা হাঁটুতে হয়নি। গত মৌসুমে যে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল, এবার সেটি নয়; চোট পেয়েছেন ডান হাঁটুতে।
গার্সিয়ার অনুপস্থিতিতে বার্সেলোনার গোলবার সামলানোর দায়িত্ব পেতে পারেন চেচনি। চলতি মৌসুমে তাকে দলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা করছেন ফ্লিক। রেসিংয়ের বিপক্ষে একটি ভুলে গোল হজম করলেও অভিজ্ঞ এই গোলরক্ষকের ওপর আস্থা রেখেছেন বার্সা কোচ।








