ইয়ামালসহ ৫ জনকে অধিনায়ক নির্বাচন করল বার্সা

২০২৬-২৭ মৌসুম শুরু হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। এরই মধ্যে লা লিগায় তিনটি ম্যাচ খেলে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সামনে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততা। এর মধ্যেই স্কোয়াড থেকে পাঁচ ফুটবলারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। তবে এই তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে লামিনে ইয়ামালের নাম।
বিজ্ঞাপন
হুয়ান গাম্পার ট্রফির আগে কাতালান ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিক ব্যক্তিগতভাবে রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে অধিনায়ক হিসেবে নির্বাচন করেছিলেন। তখনও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভোটাভুটির প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পরবর্তী সময়ে সেই প্রক্রিয়ার মাধ্যমে অধিনায়কদের সংখ্যা পাঁচজনে দাঁড়ায়। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, রাফিনহা ও পেদ্রিকে স্থায়ীভাবে প্রথম ও দ্বিতীয় অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন বার্সেলোনা কোচ ফ্লিক। এর মধ্যে ব্রাজিলিয়ান তারকাকে নিজের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্যক্তিগতভাবে দলের ওপর প্রভাব এবং মাঠ ও ড্রেসিংরুমে নেতৃত্বের ভূমিকার কথা বিবেচনা করলে এটি একটি যৌক্তিক পদক্ষেপ। বিশেষ করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ক্ষেত্রে। সমর্থকদের কাছে প্রদর্শনী ম্যাচে তিনি গোল করেছেন, হয়েছেন ম্যাচসেরাও। এরপর ভোটাভুটিতে আরও তিনজনকে নির্বাচনের আয়োজন করেন কোচ। সেখান থেকে অধিনায়ক হিসেবে নির্বাচিত হন এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং এবং লামিনে ইয়ামাল।
বিজ্ঞাপন

শৃঙ্খলা ও নিষ্ঠার কারণে কাতালুনিয়ার শিল্পাঞ্চল মার্তোরেলের ডিফেন্ডার এরিক গার্সিয়া বার্সার গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। পাশাপাশি ফ্লিকের আস্থার সুবাদে গত দুই মৌসুমে তার নেতৃত্বের গুণাবলীও উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। এমনকি ক্লাবের পরিচালনা পর্ষদের অনেকেই তাকে অধিনায়ক পদের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করতেন।
নেদারল্যান্ডসের ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্রেঙ্কির নির্বাচিত হওয়ার বিষয়টিও ছিল প্রত্যাশিত। কারণ তিনি আগেও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এবং ড্রেসিংরুমে তার প্রতি সবার গভীর শ্রদ্ধা রয়েছে। বিশেষত আন্দ্রে টের স্টেগানের বিদায়ের পর ডি ইয়ং–ই এখন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। তবে সবচেয়ে বড় চমক ছিল ১৯ বছর বয়সী ইয়ামালের অন্তর্ভুক্তি।
তারকা খেলোয়াড় হিসেবে মাঠে স্প্যানিশ এই ফরোয়ার্ড দলের ওপর যে প্রভাব রাখেন এবং নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন, সেটি ইতোমধ্যেই সবার কাছে স্পষ্ট। বয়স কম হলেও বার্সেলোনার আক্রমণভাগে তার গুরুত্ব দিন দিন বাড়ছে। আগামীকাল রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে অধিনায়কদের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক।
বিজ্ঞাপন








