Logo

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:০০
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়। টসও অনুষ্ঠিত হয়নি।

বিজ্ঞাপন

নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। তবে আগের বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে কোনো ফল না হলে উচ্চতর আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে থাকা দল পরের পর্বে যাবে। সেই হিসাবে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়। বর্তমানে আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে এবং চীন ৩৬ নম্বরে রয়েছে।

ম্যাচ আয়োজনের জন্য আবহাওয়ার উন্নতির অপেক্ষা করা হলেও শেষ পর্যন্ত মাঠ খেলার উপযোগী হয়নি। ফলে দুই দলের অধিনায়কও টস করতে মাঠে নামেননি।

বিজ্ঞাপন

এর আগে নাগোয়ার বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে বাংলাদেশ দল নিয়মিত অনুশীলনেও বাধার মুখে পড়ে। ম্যাচের আগের দিনগুলোতে পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগও পায়নি নিগার সুলতানা জ্যোতির দল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও জাপানের মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দল। এই ম্যাচটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে এর আগে বাংলাদেশ দুইবার রুপা ও একবার ব্রোঞ্জ পদক জিতেছে। এবারও পদক জয়ের লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশ দল।

চীনের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি নতুন অভিজ্ঞতা হওয়ার কথা ছিল। ২০১০ সালের এশিয়ান গেমসে দুই দল মুখোমুখি হলেও ওই ম্যাচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃত ম্যাচ ছিল না। ফলে এবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটিও মাঠে গড়াল না।

বাংলাদেশের ব্যাটার সোবহানা মুশতারি এর আগে এশিয়ান গেমস থেকে পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ জানিয়েছিলেন। তবে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে না নেমেই শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD