আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ, চূড়ান্ত তিন ম্যাচের সূচি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের সূচিও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞাপন
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নেপালের আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে সিরিজটি উৎসর্গ করা হবে।
বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজনের প্রস্তাব নিয়ে সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। ওই বৈঠকে নেপালে বাংলাদেশ দলের সফরের আমন্ত্রণ জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এরপর বুধবার বিসিবি কার্যালয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। সেখানে বাংলাদেশ দলের নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা আরও বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিসিবি জানিয়েছে, নেপালের ক্রিকেটের উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ। পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে।
মার্চের এই সিরিজের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের ক্রিকেটীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছে বিসিবি। একই সঙ্গে দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও তৈরি হবে।








