Logo

বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫৯
বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রয়োজন মনে করে তাকে প্রস্তাব দিলে জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিতে রাজি আছেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে জাতীয় দলের সঙ্গে কোচ হিসেবে কাজ করলেও কখনো নির্দিষ্ট মেয়াদে দায়িত্ব পাননি সুজন। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের কোচিং প্যানেলে দেশি কোচদের যুক্ত করা হলেও সেখানে নেই সাবেক এই অধিনায়ক।

জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে জানতে চাইলে সুজন বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না। যদিও আমার ব্রেড অ্যান্ড বাটার কোচিং। বোর্ড যদি মনে করে, আমি সামর্থবান, তারা যদি অফার করে আমি অবশ্যই দায়িত্ব নেব।’

বর্তমানে বিসিবি তাকে গেম ডেভেলপমেন্টের পরামর্শকের দায়িত্ব দিয়েছে। আপাতত সেই দায়িত্বেই মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন সুজন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এখন তো একটা দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট- গেম ডেভেলপমেন্টের কনসালটেন্ট। উনি হয়ত ভেবেছে, আমি এখানে অবদান রাখতে পারব। আমাকে যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ। আমি যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করব। ফাহিম এখানে চেয়ারম্যান, তার সঙ্গেও আমার কাজের অভিজ্ঞতা আছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সুজনের সম্পর্ক ভালো নয়—ক্রিকেটাঙ্গনে এমন আলোচনা রয়েছে। তবে বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন সুজন।

তিনি বলেন, ‘এটা তো মানুষ বলে। কী ঝামেলা? আমি আর সালাউদ্দিন তো এটা মনে করি না। ছোট বেলা থেকে দুজন দুজনকে ভালোভাবে চিনি, একসঙ্গে খেলেছি। এরপর দুজনই কোচিংয়ে এসেছি। ওর সঙ্গে সবসময় আমার সুসম্পর্ক।’

বিজ্ঞাপন

সালাউদ্দিনের কোচিংয়েরও প্রশংসা করেন সুজন। তার ভাষ্য, ‘সে কোচ হিসেবে নিজেকে অনেক পরিণত করেছে, অনেক বড় পরিসরে কোচিং করাচ্ছে। আমার মনে হয় না তার সঙ্গে কখনও কোনো সমস্যা ছিল। সালাউদ্দিনই এটা বলবে। আমাদের সবসময়ই কথা হয়, ফোনেও কথা হয়।’

দুইজনের কোচিং ক্যারিয়ারে বিভিন্ন সময়ে ভিন্ন দলের দায়িত্ব পালন এবং প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে সুজন বলেন, ‘কোচিংয়ে দুজন দুই দলকে কোচিং করিয়েছি। কখনও সে চ্যাম্পিয়ন হয়েছে, কখনও আমি। এটার জন্য তো সম্পর্ক খারাপ হওয়ার কথা না। বরং সে ভালো করলে আমি খুশি হই।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD