Logo

এনসিএলে ৮ অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৮
এনসিএলে ৮ অধিনায়কের ৮ ক্যাপ, উচ্ছ্বসিত মিঠুনরা
ছবি: সংগৃহীত

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যুক্ত হলো নতুন এক অধ্যায়। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আট বিভাগের আট অধিনায়কের মাথায় আনুষ্ঠানিকভাবে পরিয়ে দেওয়া হয়েছে ব্যাগি ক্যাপ। সাবেক ক্রিকেটাররা অধিনায়কদের মাথায় ক্যাপ তুলে দেন।

বিজ্ঞাপন

ব্যাগি ক্যাপ পাওয়ার পর নিজের অনুভূতি জানান খুলনা বিভাগের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, প্রথম শ্রেণির ক্রিকেটের মূল লক্ষ্য টেস্ট ক্রিকেটে ভালো করার ভিত্তি তৈরি করা। তাই ব্যাগি ক্যাপ টেস্ট ক্রিকেটের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

মিঠুন বলেন, “আমরা ঘরোয়া ক্রিকেট খেলিই তো আন্তর্জাতিক ক্রিকেট প্রভাব রাখার জন্য। টেস্টের কারণেই যেহেতু প্রথম শ্রেণির ক্রিকেট খেলাটা আসছে, ব্যাগি ক্যাপটা তো আপনারা জানেন টেস্টের একটা প্রতীক। এখানে রঙটা ম্যাটার করে না। আমরা যে রঙই পেয়েছি সেটাকেই আমরা ওউন করব। অন্তত আমরা জানতে পারলাম আমাদের একটা রঙ আছে। এটাকে ওউন করা খুব গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম শ্রেণির ক্রিকেটের মান উন্নয়নের সঙ্গে টেস্ট ক্রিকেটের উন্নতির সম্পর্ক রয়েছে বলেও মনে করেন মিঠুন। তিনি বলেন, “যে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট যত ভালো সেই দেশের টেস্ট ক্রিকেট ততো ভালো। এটা শুধু মুখে মুখেই এতদিন হয়েছে, সেটার মানদন্ড যেরকম হওয়া উচিত সেটা কখনোই হয়নি। কিন্তু এবার হচ্ছে এজন্য খেলোয়াড়রা সবাই খুশি।”

এ সময় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ না পাওয়ার বিষয়েও কথা বলেন মিঠুন। তিন ম্যাচের সিরিজে দুটি ম্যাচই না হওয়ায় সুযোগ তৈরির বিষয়টি আর সামনে আসেনি বলে জানান তিনি।

তিনি বলেন, “অবশ্যই, খেলতে ('এ' দলের হয়ে খেলতে) পারলে তো ভালো হতো। আপনারা জানেন ওইখানে তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচই কিন্তু হয়নি। হয়তবা সবগুলো ম্যাচ হলে সুযোগ আসতে পারতো। যেহেতু ম্যাচ হয়নি সেটা নিয়ে কথা বলার মতো আসলে কিছু নেই।”

বিজ্ঞাপন

এদিকে চার দিনের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর চারটি ভেন্যুতে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের প্রথম ধাপের আট দলের লড়াই।

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের এনসিএলের মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আট বিভাগীয় দলকে নিয়ে আয়োজিত প্রথম শ্রেণির এই প্রতিযোগিতা চলবে প্রায় দুই মাস।

আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে এবারের জাতীয় ক্রিকেট লিগের পর্দা নামবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট ও ময়মনসিংহ। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লড়বে চট্টগ্রাম ও রাজশাহী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD