১৮২ রানের ইনিংসে নতুন রেকর্ড গড়লেন হেইলি ম্যাথিউস

জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের অধিনায়ক হেইলি ম্যাথিউস। ১৮২ রানের ইনিংসে একসঙ্গে দুটি রেকর্ড গড়েছেন এই তারকা অলরাউন্ডার।
বিজ্ঞাপন
হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে ১৫৬ বলে ২৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮২ রান করেন ম্যাথিউস। নারী ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটিই এখন সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এর আগে রেকর্ডটি ছিল স্টেফানি টেলরের দখলে। তিনি করেছিলেন ১৭১ রান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ম্যাথিউসের ইনিংসটি আরেকটি রেকর্ডও এনে দিয়েছে। ১৮২ রানের মধ্যে চার ও ছক্কা থেকেই তিনি সংগ্রহ করেন ১১৬ রান। এর মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নারী ওয়ানডেতে এক ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ রানের নিজের রেকর্ডও ভেঙেছেন তিনি। এর আগে এই রেকর্ডে তার সংগ্রহ ছিল ১০৮ রান।
ম্যাথিউসের রেকর্ডগড়া ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৩.৩ ওভারে ২০০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
বিজ্ঞাপন
ফলে ৯৯ রানের বড় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। আর ব্যক্তিগত পারফরম্যান্সে এক ম্যাচেই দুটি রেকর্ড নিজের করে নেন ম্যাথিউস।








