Logo

রিকার্ভেও বিদায়, এশিয়ান গেমসে আরচ্যারিতে পদকশূন্য বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৬
রিকার্ভেও বিদায়, এশিয়ান গেমসে আরচ্যারিতে পদকশূন্য বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে আরচ্যারিতে বাংলাদেশের পদকের আশা শেষ হয়ে গেছে। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টেও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের কোনো আরচ্যার। ফলে জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমস থেকে আরচ্যারিতে পদক ছাড়াই ফিরতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।

বিজ্ঞাপন

নারী রিকার্ভে শিমু আক্তার প্যালেস্টাইনের রাশাকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ১/১৬ রাউন্ডে ওঠেন। তবে সেখানে চীনের জুয়ের কাছে একই ব্যবধানে হেরে বিদায় নেন তিনি।

বাংলাদেশের হয়ে চমক দেখিয়েছেন ১৪ বছর বয়সী সায়মা সালাউদ্দিন। প্রথম রাউন্ডে বাই পেয়ে ১/১৬ রাউন্ডে ফিলিপাইনের তাগলে নাইনাকে হারান তিনি। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের আনিলের কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে প্রতিযোগিতা শেষ করেন।

পুরুষ রিকার্ভে আব্দুর রহমান আলিফ প্রথম রাউন্ডে থাইল্যান্ডের তানাকর্নকে ৬-০ সেট পয়েন্টে হারান। পরের রাউন্ডে দক্ষিণ কোরিয়ার লির কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান। রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে বাই পেলেও পরের রাউন্ডে কাজাখস্তানের ডাউলেটকেডির কাছে ৬-২ ব্যবধানে হেরে বিদায় নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে বেশি সাফল্য এসেছে রিকার্ভ ইভেন্টে। অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশের দুই আরচ্যারের একজন রোমান সানা বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জও জিতেছেন। সেই রিকার্ভেই এবার কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, “আমাদের এবার বেশি প্রত্যাশা ছিল দলীয় ইভেন্টে। সেখানে একটিতে টাইব্রেকারে আর দুটিতে এক পয়েন্টের ব্যবধানে হেরেছি। যাই হোক, হার হারই। ব্যক্তিগত ইভেন্টে আমাদের কোয়ার্টার পর্যন্ত প্রত্যাশা ছিল, সেটাও হয়নি।”

এশিয়ান গেমসে এখন পর্যন্ত আরচ্যারিতে কোনো পদক নেই বাংলাদেশের। এবারও পদকের প্রত্যাশা পূরণ হয়নি। কোচ মার্টিন বলেন, “এশিয়ান গেমসে ভারত, চীন, কোরিয়া বেশ শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমাদের প্রতিদ্বন্দ্বিতার মান আরও বেশি হওয়া উচিত ছিল।”

বিজ্ঞাপন

এবারের আসরে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী আরচ্যার সায়মা সালাউদ্দিন। মাত্র ১৪ বছর বয়সেই এশিয়ান গেমসে অংশ নিয়ে প্রি-কোয়ার্টার পর্যন্ত ওঠা এই তরুণ আরচ্যার আলোচনায় এসেছেন।

সায়মার দলে জায়গা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে মার্টিন বলেন, “সে ট্রায়াল ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করেই জায়গা পেয়েছে। সে প্রতিভাবান। আজ প্রি-কোয়ার্টারে উঠে তারই প্রমাণ দিয়েছে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD