মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, যা বললেন স্কালোনি

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘনিয়ে আসার সঙ্গে আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ নিয়েও আলোচনা বাড়ছে। তবে মেসির বিদায়ের পরপরই তাঁর বিখ্যাত ১০ নম্বর জার্সি অন্য কোনো ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
বিজ্ঞাপন
বেনিনের বিপক্ষে আগামী ৭ অক্টোবর বুয়েন্স আয়ার্সে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলবেন ৩৯ বছর বয়সী মেসি। এর আগে আন্তর্জাতিক বিরতিতে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এসব ম্যাচে মেসিকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী ম্যাচগুলোর পরিকল্পনা সম্পর্কে স্কালোনি জানিয়েছেন, নতুন খেলোয়াড়দের পরখ করার পাশাপাশি মেসিকে ছাড়া দলের সম্ভাব্য কৌশল নিয়েও কাজ করা হবে।
তিনি বলেন, “আমরা অন্যভাবে খেলার নতুন পথ খুঁজে নেব।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করেছেন স্কালোনি। এর মাধ্যমে মেসি-পরবর্তী আর্জেন্টিনার আক্রমণভাগের সম্ভাব্য কাঠামোও পরীক্ষা করে দেখবেন তিনি।
বিজ্ঞাপন
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে স্কালোনি বলেন, “লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত এই জার্সি কাউকে দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অবশ্যই অন্য কেউ এটি পরবে, কারণ এটি পরিধান করা বিশেষ সম্মানের।”
আর্জেন্টিনার হয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০ নম্বর জার্সিই ছিল মেসির পরিচয়ের অন্যতম প্রতীক। ২০২২ বিশ্বকাপ জয়ের সময়ও এই জার্সি পরেই খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে তাঁর ২০৭ ম্যাচের ক্যারিয়ারের বড় অংশ কেটেছে এই নম্বরকে ঘিরে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে চলতি বছরের ডিসেম্বরে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্কালোনি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
নতুন প্রজন্মের খেলোয়াড়দের উঠে আসা এবং দলের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা দেখে দায়িত্বে থাকার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।








