এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি, মিলল সর্বোচ্চ সম্মান

বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে একের পর এক অর্জন যুক্ত হয়েছে লিওনেল মেসির নামের পাশে। এবার সেই তালিকায় যোগ হচ্ছে আরও একটি বিশেষ স্বীকৃতি। আর্জেন্টাইন তারকাকে সম্মানসূচক ‘ডক্টর হোনোরিস কওসা’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব বুয়েনস এইরেস (ইউবিএ)। বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ সম্মানসূচক এই ডিগ্রি দেওয়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে এর উচ্চ পরিষদ।
বিজ্ঞাপন
ইউবিএ জানিয়েছে, আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচের আগে এই সম্মাননা দেওয়া হবে। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ওই দিন বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটিকে জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ী উপস্থিতি হিসেবে ঘোষণা করা হয়েছে।
মেসিকে এই সম্মান দেওয়ার ক্ষেত্রে শুধু মাঠের সাফল্য নয়, তার দীর্ঘ ক্যারিয়ার, জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা এবং ব্যক্তিত্বকেও বিবেচনায় নিয়েছে ইউবিএ। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তে বলা হয়েছে, তার ক্যারিয়ার শ্রেষ্ঠত্ব, অধ্যবসায়, বিনয় ও নৈতিকতার উদাহরণ।
ইউবিএর রেক্টর রিকার্দো গেলপি মেসির বিষয়ে বলেন, "পরিসংখ্যান বা মাঠের পারফরম্যান্সের বাইরেও মেসির ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে। তিনি একজন বিনয়ী, পরিশ্রমী এবং আমাদের জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের এক উজ্জ্বল প্রতীক।"
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, "খেলার মাঠ ছাপিয়ে তার প্রভাব ও গুরুত্বকে স্বীকৃতি জানাতেই আমাদের এই উদ্যোগ। ক্রীড়াজগতের মাধ্যমে তিনি এমন উচ্চতায় পৌঁছেছেন, যা আমাদের সমাজের জন্য একটি অনন্য অনুপ্রেরণা।"
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার প্রতিনিধিত্ব এবং জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ অবদানও এই স্বীকৃতির অন্যতম কারণ। ইউবিএর ভাষ্য, তার ক্যারিয়ারের ধারাবাহিক সাফল্য ও জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ততা প্রতিষ্ঠানটির ঐতিহ্যগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এর আগে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও ডক্টর হোনোরিস কওসা দিয়েছে ইউবিএ। ২০২৬ সালেই সংগীতশিল্পী ইন্দিও সোলারিকে এই সম্মান দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে মেসির জাতীয় দল থেকে বিদায়ের ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্টালে অনুষ্ঠেয় ম্যাচটিই হবে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ উপস্থিতি। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসিকে বিদায় জানানোর জন্যই তাকে এই ম্যাচে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।
ফলে বিদায়ী ম্যাচের আগে সম্মানসূচক ডক্টরেট পাওয়ার মধ্য দিয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টি আরও বিশেষ হয়ে উঠতে যাচ্ছে।








