মেসির বিদায়ের আগেই নতুন লিওনেলকে খুঁজে পেল আর্জেন্টিনা

লিওনেল মেসি জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তার জায়গা পূরণ করা যে আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ, সেটি জানেন কোচ লিওনেল স্কালোনি। তবে মেসি-পরবর্তী প্রজন্মে নতুন প্রতিভার উত্থান নিয়ে আশাবাদী হতে পারেন তিনি। বলিভিয়ার বিপক্ষে ৪–০ গোলের জয়ে সেই সম্ভাবনারই নতুন নাম হয়ে সামনে এসেছেন লিওনেল ফ্লোরেস।
বিজ্ঞাপন
১৯ বছর বয়সী ফ্লোরেস খেলেন বোকা জুনিয়র্সের রাইট উইঙ্গার হিসেবে। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। মাঠে নামার পরপরই নিজের ড্রিবলিং দক্ষতায় নজর কাড়েন এই তরুণ। তিনজন বলিভিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়ার দৃশ্যটি তার ব্যক্তিগত সামর্থ্যের বড় প্রমাণ হয়ে ওঠে।
বোকা জুনিয়র্সের মূল দলের হয়ে এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন ফ্লোরেস। চলতি বছর রিজার্ভ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে কোচদের নজরে আসেন তিনি। এরপর ধীরে ধীরে পেশাদার ফুটবলে নিজের জায়গা তৈরি করে জাতীয় দলের দরজাও খুলে যায় তার সামনে।
জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই ফ্লোরেসের পারফরম্যান্সের প্রশংসা করেছেন স্কালোনি। তবে তরুণ এই ফুটবলারকে তাৎক্ষণিকভাবে বড় প্রত্যাশার চাপে না ফেলে ধীরে ধীরে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন আর্জেন্টাইন কোচ।
বিজ্ঞাপন
স্কালোনি বলেন, ‘লিও এটা খুব ভালোভাবে করছে। এখন আমাদের তাকে রক্ষা করতে হবে। তাকে দেখে রাখতে হবে এবং সঠিকভাবে তাকে সামলাতে হবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফ্লোরেসের প্রতিভার সঙ্গে ফ্রাঙ্কো মাস্তানতুওনোর তুলনাও করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘সে এমন একজন প্রতিভা, যাকে যত্ন করতে হবে, ঠিক মাস্তানতুওনোর মতো। তাহলেই তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে।’
জাতীয় দলের হয়ে অভিষেককে নিজের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন ফ্লোরেস। ম্যাচের পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি এই স্বপ্ন দেখেছি এবং এর জন্য চেষ্টা করে এসেছি। আমার পরিবারের জন্য আমি খুবই খুশি। তারা সব সময় আমার পাশে ছিল। এখন আরও এগিয়ে যাওয়ার পালা।’
বিজ্ঞাপন
অভিষেকের আগে স্কালোনির কাছ থেকে পাওয়া নির্দেশনাও মাঠে অনুসরণ করেছেন ফ্লোরেস। এ বিষয়ে তিনি বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন, বোকায় আমি যা করি, সেটাই করতে। আমি ঠিক সেটাই করেছি। আত্মবিশ্বাস ও শান্ত থেকে খেলেছি।’
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার আক্রমণভাগে নতুন মুখের প্রয়োজন আরও স্পষ্ট হয়ে উঠবে। সেই সময়ে ফ্লোরেস কতটা ধারাবাহিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়। তবে বলিভিয়ার বিপক্ষে অভিষেক তার জন্য বড় মঞ্চে নিজের সামর্থ্য জানান দেওয়ার সুযোগ এনে দিয়েছে।








