‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’, বললেন পর্তুগালের মন্ত্রী

পর্তুগালের ফুটবলে চলমান নানা অস্থিরতার মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে দাঁড়িয়েছেন দেশটির অর্থনীতি ও আঞ্চলিক সংহতিবিষয়ক মন্ত্রী ম্যানুয়েল কাস্ত্রো আলমেদা। তিনি বলেছেন, রোনালদোর গুরুত্ব শুধু ফুটবল মাঠে সীমাবদ্ধ নয়; বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি তৈরিতেও তার বড় অবদান রয়েছে।
বিজ্ঞাপন
পর্তুগিজ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আলমেদা বলেন, ‘রোনালদো ফুটবলের চেয়েও বড় সম্পদ। বিশ্বজুড়ে বহু মানুষ কেবল রোনালদোর মাধ্যমেই পর্তুগালকে চেনে।’
আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রভাব ও পরিচিতি বাড়াতে রোনালদোর ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগালের মর্যাদা ও পরিচিতি বাড়াতে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূমিকা অভাবনীয়। তিনি যেন পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাতীয় দলের তারকা ও আল-নাসর ফরোয়ার্ডকে জাতীয় অর্থনীতির জন্য মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে কাস্ত্রো আলমেদা বলেন, ‘পর্তুগালের ভাবমূর্তি ও অবস্থান উজ্জ্বল করার ক্ষেত্রে রোনালদো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের স্বার্থেই পর্তুগালের উচিত তার এই অবস্থান ও সম্ভাবনা থেকে লাভবান হওয়া অব্যাহত রাখা।’
বিজ্ঞাপন
সম্প্রতি দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর রোনালদোকে নিয়ে পর্তুগিজ ফুটবলে আলোচনা-সমালোচনা চলছে। জাতীয় দলের প্রধান কোচ হোর্হে জেসুস ও রোনালদোর মধ্যকার সাম্প্রতিক বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী এড়িয়ে যান।
আলমেদা জানান, ফুটবলের কারিগরি বিষয়ে তিনি বিশেষজ্ঞ নন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়াও তার এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে ফুটবলের বাইরে দেশের অর্থনীতি ও বৈশ্বিক ভাবমূর্তির দিক থেকে রোনালদোকে পর্তুগালের অমূল্য সম্পদ হিসেবে বর্ণনা করেন তিনি।








