Logo

হালান্ডের চোটে দুশ্চিন্তায় ম্যানসিটি

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬, ১২:৪১
হালান্ডের চোটে দুশ্চিন্তায় ম্যানসিটি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতিতে স্বস্তিতে নেই ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই এবার যোগ হয়েছে আরও একটি দুশ্চিন্তার কারণ। নরওয়ের হয়ে খেলতে গিয়ে চোটের শঙ্কায় পড়েছেন সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।

বিজ্ঞাপন

পর্তুগালের বিপক্ষে নরওয়ের ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে চোটের শঙ্কা তৈরি হয় হালান্ডকে ঘিরে। ম্যাচের ৬৭তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন নরওয়ের এই তারকা। তার এই চোট কতটা গুরুতর, সেটি এখনো নিশ্চিত নয়। ফলে হালান্ডকে নিয়ে নতুন ও ইতিবাচক কোনো খবরের অপেক্ষায় রয়েছে ম্যানচেস্টার সিটি।

চলতি ক্লাব মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন হালান্ড। এখন পর্যন্ত সাতটি গোল করেছেন তিনি। এমন অবস্থায় আগামী রোববার প্রিমিয়ার লিগে লিভারপুলের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে তার চোটের শঙ্কা সিটিকে স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে।

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছে ম্যানচেস্টার সিটি। রায়ের পর এটাই হবে ক্লাবটির প্রথম ম্যাচ। ফলে মাঠের বাইরের অনিশ্চয়তার পাশাপাশি মাঠের লড়াইয়েও হালান্ডের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ক্লাবের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকলেও সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতে অবশ্য হালান্ড নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। শেষ দুটি আন্তর্জাতিক ম্যাচে গোলের দেখা পাননি তিনি। অথচ এর আগের ১৭ ম্যাচে নরওয়ের এই স্ট্রাইকারের নামের পাশে ছিল ১৬ গোল।

ওয়েলস ও পর্তুগালের বিপক্ষে ম্যাচে গোলমুখে হালান্ডকে অনেকটাই নিষ্ক্রিয় করে রাখতে সক্ষম হয়েছে প্রতিপক্ষ। এর মধ্যে পর্তুগালের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বিজ্ঞাপন

হালান্ডের পাশাপাশি নরওয়ের দলও এখন ভালো অবস্থায় নেই। পর্তুগালের কাছে হারের মধ্য দিয়ে টানা তৃতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে তারা। এর আগে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়ে শুরু করেছিল নরওয়ে।

চার ম্যাচ শেষে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে নরওয়ে। ফলে একদিকে দলের হতাশাজনক পারফরম্যান্স, অন্যদিকে হালান্ডের চোটের শঙ্কা—সব মিলিয়ে আন্তর্জাতিক বিরতিটা নরওয়ে ও ম্যানচেস্টার সিটির জন্য স্বস্তির হয়ে উঠতে পারেনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD